সুন্দরবনে প্লাস্টিক দূষণ প্রতিরোধে পাইকগাছায় অভিজ্ঞতা বিনিময়
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে করণীয় নির্ধারণ ও অভিজ্ঞতা বিনিময়ে পাইকগাছায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা একরামুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা পারভীন, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্তসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় মুক্ত আলোচনায় বক্তারা বলেন, ক্ষতিকর প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য এখন চরম হুমকির মুখে পড়েছে। দূষণ রোধে আইন প্রয়োগের পাশাপাশি বিকল্প পণ্যের ব্যবহার বাড়ানো দরকার।
প্রকল্পের পক্ষ থেকে জানানো হয়, রূপান্তরের সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় এ পর্যন্ত উপকূলীয় এলাকায় ১০ হাজার পাটের ব্যাগ বিতরণ করা হয়েছে। বর্তমানে ১৭টি উপজেলায় ৫৩০ জন প্রশিক্ষিত যুব সদস্য পরিবেশ সচেতনতায় কাজ করছেন। পাশাপাশি সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ফোরামও তথ্য পরিবেশনের মাধ্যমে কার্যকর ভূমিকা রাখছে।












