সোমবার সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিকাল ৩ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।
তারুণ্যের শক্তি ও উদ্দীপনাকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করা, যুবসমাজকে মাদক ও অনলাইন জুয়ার আসক্তি থেকে দূরে রাখা এবং ক্রীড়ার মাধ্যমে সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ জীবন গড়ে তোলার প্রত্যয়ে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে এই টুর্নামেন্টে আয়োজিত হচ্ছে। ফুটবলের নান্দনিকতা, প্রতিযোগিতার উত্তেজনা ও তারুণ্যের প্রাণশক্তিতে মুখরিত এ আয়োজনের ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান আগামী ৩০ আগস্ট। ফাইনালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক উপস্থিত থাকবেন বলে জেলা প্রশাসন সুত্রে জানা গেছে।
এই আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে সকলের উপস্থিতি খেলোয়াড় ও তরুণদের অনুপ্রাণিত করার পাশাপাশি অনুষ্ঠানকে আরও বর্ণিল, প্রাণবন্ত ও সাফল্যমন্ডিত করে তুলবে।
সাতক্ষীরা স্টেডিয়ামে ১৭ থেকে ৩০ আগষ্ট পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
১৭ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে শ্যামনগর উপজেলা বনাম কলারোয়া উপজেলা।
১৮ আগস্ট দ্বিতীয় দিনের খেলায় প্রতিদ্বন্দ্বীতা করবে সাতক্ষীরা পৌরসভা বনাম কালিগঞ্জ উপজেলা।
১৯ আগস্ট তৃতীয় দিনের খেলায় প্রতিদ্বন্দ্বীতা করবে সাতক্ষীরা সদর বনাম তালা উপজেলা।
২০ আগস্ট চতুর্থ দিনের খেলায় প্রতিদ্বন্দ্বীতা করবে দেবহাটা উপজেলা বনাম আশাশুনি উপজেলা।
২২ আগস্ট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বীতা করবে দ্বিতীয় খেলায় বিজয়ী ও তৃতীয় খেলায় বিজয়ী উপজেলা।
২৩ আগস্ট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে প্রথম দিনের খেলা বিজয়ী ও চতুর্থ দিনের বিজয়ী উপজেলা প্রতিদ্বন্দ্বীতা করবে।
প্রথম ও দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী উপজেলা ৩০ আগস্ট ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করবে।












