শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ বছর পর দখলমুক্ত হলো শ্যামনগরের জেলেখালী খাল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
২৬ বছর পর দখলমুক্ত হলো শ্যামনগরের জেলেখালী খাল

শ্যামনগর প্রতিনিধি: দীর্ঘ ২৬ বছর পর সাতক্ষীরার শ্যামনগরের গুরুত্বপূর্ণ জেলেখালী খাল দখলমুক্ত হয়েছে। স্থানীয় দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে খালটি উন্মুক্ত করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শ্যামনগর আসনে দলীয় প্রার্থী ড. মো. মনিরুজ্জামান।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার মুন্সিগঞ্জের খালসংলগ্ন ত্রিপাণী বিদ্যাপীঠে উপস্থিত হয়ে তিনি খালটি উন্মুক্ত হওয়ার ঘোষণা দেন। এ সময় খালের দুই পাড়ে বসবাসকারী দেড় শতাধিক পরিবারের সদস্য, বিবদমান দুই পক্ষ, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খাল উন্মুক্তকরণ উপলক্ষে স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ড. মনিরুজ্জামান বলেন, দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে জেলেখালী খাল দখলমুক্ত করা হয়েছে। এখন থেকে স্থানীয় প্রতিটি পরিবারের খালে প্রবেশ ও পানি ব্যবহারের অধিকার নিশ্চিত হবে। খাল নিয়ে বিরোধের জেরে হওয়া মামলা-মোকদ্দমাও প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ খালটি উন্মুক্ত হওয়ায় মাছ চাষের পাশাপাশি খালের পানি ব্যবহার করে দুই পাড়ের প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে বোরো ধান উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, সদস্যসচিব আশেক-ই-এলাহী মুন্না, এনজিও সমন্বয়ক গাজী আল ইমরান, ডেইলি স্টার প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম দুলু, চ্যানেল ওয়ান-এর জেলা প্রতিনিধি মাহমুদ হাসান, ডিবিসির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন, সিএনআরএস প্রতিনিধি সরোয়ার হোসেন, মাসুমা হক ও স্থানীয় জনপ্রতিনিধি দেবাশীষ গাইনসহ অনেকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইছাহাক পাড়, সুশান্ত গাইনসহ কয়েকটি পরিবার দুই দশকের বেশি সময় ধরে খালটির একটি অংশ দখলে রেখে মাছ চাষ করে আসছিল। খালের পানি ব্যবহারের সুযোগ না থাকায় দুই পাড়ের অনেক পরিবার জমি থাকা সত্ত্বেও বোরো মৌসুমে চাষাবাদ করতে পারত না। খালটি উন্মুক্ত হওয়ায় স্থানীয় কৃষি ও জীবিকায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।

ছবি: জেলেখালী খাল উন্মুক্ত হওয়ার ঘোষণা দিচ্ছেন ড. মো. মনিরুজ্জামান।

Ads small one

মায়ের প্রেমিকের হাতে তরুণ খুন, চার দিন আটকে রাখা হয় মাকে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
মায়ের প্রেমিকের হাতে তরুণ খুন, চার দিন আটকে রাখা হয় মাকে

বেঙ্গালুরুতে মায়ের প্রেমিকের হাতে ১৮ বছর বয়সী এক তরুণ হাতুড়ি ও ছুরির আঘাতে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, অভিযুক্ত ওই নারীকে ভাড়া করা অ্যাপার্টমেন্টের একটি ঘরে চার দিন আটকে রাখেন। তাকেও খুনের চেষ্টা করেছেন বলে অভিযোগ।

ঘটনাটি ১৬ নভেম্বর রাতে পদ্মনাভনগরের রাঘবেন্দ্র লেআউটের এসআরআরকে তুলসী অ্যাপার্টমেন্টে ঘটে। বাড়িওয়ালা জানান, ২০২৪ সালের অক্টোবর থেকে সেখানে থাকা ওই দম্পতির ঝগড়া নিয়ে গত ছয় মাসে প্রতিবেশীরা বারবার অভিযোগ করেছেন। ১৬ নভেম্বর রাতেও একই অভিযোগে ফোন পান তিনি। এক ঘণ্টা পর নিরাপত্তারক্ষী জানান, বাড়ি নীরব।

১৯ নভেম্বর সাড়া না পেয়ে বাড়িওয়ালা নারীর এক বন্ধুকে ফোন করেন। দুজন পুলিশের কাছে যান। রাত ১১টায় তালা-মিস্ত্রি ডেকে দরজা ভাঙলে মেঝে ও দেয়ালে রক্তের দাগ দেখা যায়। তালাবদ্ধ ঘর থেকে সীমা দাসের চিৎকার শোনা যায়। উদ্ধারের পর তিনি জানান, তার সঙ্গী সুদীপ তাকে ও ছেলে সোহম দাসকে ছুরি ও হাতুড়ি দিয়ে আক্রমণ করেছেন। বাথরুমে সোহমের লাশ পাওয়া যায়।

সীমার অভিযোগ, ১৬ নভেম্বর রাত ৯টা থেকে ১১টার মধ্যে সুদীপ এই হামলা চালান। বানাশংকরী থানা মামলা নিয়েছে।

সূত্র: এনডিটিভি

অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে

অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমা‌নে তা‌কে রাজধানীর মিন্টু‌ রো‌ডের ডি‌বি কার্যাল‌য়ে রাখা হ‌য়ে‌ছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ ন‌ভেম্বর) রাত সাড়ে ১০টার পর রাজধানীর আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তাকে আটক ক‌রে ডি‌বি পু‌লিশ।

ডিএম‌পির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন। ত‌বে কেন তমাল‌কে হেফাজতে নেওয়া হ‌লো, সে বিষয়ে কিছু জানান‌নি তিনি।

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

এ নিয়ে ৬ নভেম্বর থেকে টানা আট দফায় স্বর্ণের দাম কমাল বাজুস। এই সময়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে মোট ২৮ হাজার ৫১৮ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের তথ্য জানানো হয়। সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।

বাজুসের মূল্য সমন্বয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে কয়েক দফায় স্বর্ণের দাম কমানো হয়েছে। এর মধ্যে ১৩ নভেম্বর ভরিতে ২ হাজার ১৫৮ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা এবং ১৯ নভেম্বর ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়। সর্বশেষ শুক্রবার কমানো হলো ১০ হাজার ৯৬৪ টাকা।

এর আগে ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ১১ নভেম্বর আরও ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছিল বাজুস। এ ছাড়া ১২ নভেম্বর কমানো হয় ২ হাজার ২১৬ টাকা।

সব মিলিয়ে আট দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ২৮ হাজার ৫১৮ টাকা।