৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় নানা কর্মসূচি
পত্রদূত ডেস্ক: আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদ্যাপন উপলক্ষে সাতক্ষীরায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সম্প্রতি জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিস্তারিত তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির অংশ হিসেবে ১ আগস্ট শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা এবং সকাল সাড়ে ১১টায় একই স্থানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেল সাড়ে তিনটায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে আবৃত্তি প্রতিযোগিতার।
পরবর্তীতে ৫ আগস্ট বুধবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে মূল আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। পাশাপাশি দিবসের তাৎপর্য তুলে ধরে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে আলোচনা সভার আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।



