সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

অ্যাড. মহিদুল ইসলামকে প্রধান করে আইনজীবী সমিতির নির্বাচন কমিশন গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
অ্যাড. মহিদুল ইসলামকে প্রধান করে আইনজীবী সমিতির নির্বাচন কমিশন গঠন
পত্রদূত রিপোর্ট : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৭ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. মহিতুল ইসলাম।
সোমবার (৫ অক্টোবর) জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১ অক্টোবর অনুষ্ঠিত আহ্বায়ক কমিটির বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞ আইনজীবীদের সমন্বয়ে এ নির্বাচন কমিশন গঠন করা হয়।
নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন— অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, অ্যাডভোকেট মো. আলতাফ হোসেন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম, অ্যাডভোকেট ফারহানা ইয়াসমিন, অ্যাডভোকেট শেখ আবু সাঈদ রাজা এবং অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব।
চিঠিতে সমিতির গঠনতন্ত্রের বিধি-বিধান অনুসরণ করে আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্বাচন কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে।
পুনরায় নির্বাচন কমিশনারের দায়িত্ব পাওয়া অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান বলেন, “পুনরায় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া যেমন সম্মানের, তেমনি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল কাজ। বিজ্ঞ আইনজীবী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা এবং আস্থার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজনগ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমি এবং আমাদের কমিশন সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।”
নির্বাচন কমিশন গঠনের চিঠির অনুলিপি বাংলাদেশ বার কাউন্সিল, সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা এবং প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

Ads small one

শ্যামনগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
শ্যামনগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস পালন

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। কলেজের হলরুমে অধ্যক্ষ অধ্যাপক এ কে এম আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন একাডেমিক কাউন্সিলের সদস্যসচিব প্রতাপ কুমার রায়, শিক্ষক পরিষদের সম্পাদক আল মোকাররম বিল্লাহ প্রমুখ।
এদিকে বনশ্রী শিক্ষানিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আব্দুল করিমের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ছফুরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দরগাহপুর নকিমুদ্দীন দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা, ধূমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও নানা আয়োজনে দিবসটি উদ্যাপন করা হয়।

শ্যামনগরে মুন্ডা জনগোষ্ঠীর ডিজিটাল নেতৃত্ব ও জলবায়ু সহনশীলতা নিয়ে সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
শ্যামনগরে মুন্ডা জনগোষ্ঠীর ডিজিটাল নেতৃত্ব ও জলবায়ু সহনশীলতা নিয়ে সভা

সংবাদদাতা: শ্যামনগরে মুন্ডা নারী ও যুবদের জলবায়ু সহনশীলতা এবং ডিজিটাল নেতৃত্ব উন্নয়নে এক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর সকালে শ্যামনগর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ‘ভয়েস অব চেঞ্জ: ডিজিটাল লিডারশিপ অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স ফর মুন্ডা উইমেন অ্যান্ড ইউথ’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়। অক্সফাম ইন বাংলাদেশের সহায়তায় বেসরকারি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) এ সভার আয়োজন করে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করেন ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প সমন্বয়কারী মো. কবীর আলম। সভায় জানানো হয়, শ্যামনগর উপজেলার কৈখালী, রমজাননগর, শ্যামনগর সদর, ঈশ্বরীপুর, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নে বসবাসরত মুন্ডা জনগোষ্ঠীর নারী ও যুবদের নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর মূল উদ্দেশ্য হলো তাঁদের জলবায়ু সহনশীলতা, ডিজিটাল নেতৃত্ব, অর্থনৈতিক সক্ষমতা ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করা।

পাশাপাশি জলবায়ু-সহনশীল আয়বর্ধক কর্মকা-ে সম্পৃক্ততা, সিদ্ধান্ত গ্রহণে নারীর সক্ষমতা বৃদ্ধি ও টেকসই জীবিকার মাধ্যমে সামাজিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা।

আদালত প্রাঙ্গণে আইনগত সেবা সম্পর্কে জনসচেতনতায় বিলবোর্ড স্থাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
আদালত প্রাঙ্গণে আইনগত সেবা সম্পর্কে জনসচেতনতায় বিলবোর্ড স্থাপন
বদিউজ্জামান: ‘আইনগত সেবা পাওয়া আপনার অধিকার—নিশ্চিত করেছে সরকার’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় আইনগত সহায়তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিলবোর্ড স্থাপন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে বিলবোর্ডটি স্থাপন করা হয়।
বিলবোর্ড স্থাপনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ নাছির উদদীন ফরাজী, চীফ লিগ্যাল এইড অফিসার এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ মুস্তাফিজুর রহমান, লিগ্যাল এইড অফিসার ও সিভিল জজ লিটন দাস, সিভিল জজ মোঃ হাসানুল বান্না, সিভিল জজ লাবিব মেজবাহ, প্যানেল আইনজীবী খায়রুল বদিউজ্জামান ও আরা সংস্থার পরিচালক আবুল কালাম আজাদ। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জেলা লিগ্যাল এইড অফিস, সাতক্ষীরার উদ্যোগে স্থাপিত বিলবোর্ডে সরকারি আইনগত সহায়তা পাওয়ার বিভিন্ন সুযোগ ও পদ্ধতি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, আর্থিকভাবে অসচ্ছল, নির্যাতিত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষসহ নির্ধারিত শ্রেণির নাগরিকরা সরকারি খরচে আইনগত সহায়তা পাওয়ার অধিকারী।
বিলবোর্ডের তথ্যে আরও উল্লেখ করা হয়েছে, জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে আইনগত পরামর্শ, আইনজীবী নিয়োগ, মামলা পরিচালনা, আপস-মীমাংসা ও বিরোধ নিষ্পত্তিতে সহায়তা পাওয়া যায়। দেওয়ানি, ফৌজদারি, পারিবারিক ও অন্যান্য মামলায় প্রয়োজন অনুযায়ী আইনগত সহায়তার জন্য আবেদন করার সুযোগ রয়েছে। এমনকি চলমান মামলায়ও আইনগত সহায়তার প্রয়োজন হলে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে।
এতে আইনগত সহায়তা পাওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান, নির্যাতিত নারী ও শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, মানব পাচারের শিকার ব্যক্তি, দুস্থ ও অসহায় ব্যক্তি, কর্মক্ষেত্রে নিয়োজিত বা নির্দিষ্ট কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং আর্থিকভাবে অসচ্ছলসহ বিভিন্ন শ্রেণির মানুষের কথা উল্লেখ করা হয়েছে।
বিলবোর্ডে সরকারি খরচে আইনগত সহায়তা পেতে জেলা লিগ্যাল এইড অফিসে যোগাযোগের পাশাপাশি অনলাইনে আবেদন করার সুযোগের কথাও জানানো হয়েছে। জেলা লিগ্যাল এইড অফিস, উপজেলা লিগ্যাল এইড অফিস এবং সংশ্লিষ্ট আইনজীবী সমিতির মাধ্যমে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা নেওয়া যাবে।
সংশ্লিষ্টরা জানান, অনেক দরিদ্র ও অসহায় মানুষ আইনি অধিকার সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগের ফলে সাধারণ মানুষ বিনামূল্যে সরকারি আইনগত সহায়তা পাওয়ার সুযোগ, আবেদন পদ্ধতি এবং লিগ্যাল এইডের বিভিন্ন সেবা সম্পর্কে জানতে পারবেন।
জেলা লিগ্যাল এইড অফিসের এ উদ্যোগের মাধ্যমে ‘অর্থের অভাবে কোনো মানুষ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন’—এই লক্ষ্য আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
বিলবোর্ডটি বাস্তবায়নে রয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আরা, সাতক্ষীরা। সহযোগিতায় রয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন ও ট্রাইডিশন এইড, অর্থায়নে ইউরোপীয় ইউনিয়ন। প্রচারে রয়েছে জেলা লিগ্যাল এইড অফিস, সাতক্ষীরা।