আন্তর্জাতিক আদিবাসী দিবসে স্মারকলিপি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি: ‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন’ প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার (সামস) আয়োজনে রোববার জেলা শিল্পকলা একাডেমিতে স্মারকলিপি প্রদান, র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। পরে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিস কাউসার আজিজ। সামসের সভাপতি গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক আশেক-ই-এলাহী, সামসের পরিচালক কৃষ্ণ পদ মুন্ডা ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোমিনুর রহমান।
বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর জমি, শিক্ষা, ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকর সমন্বয়ের তাগিদ দেন। আলোচনা সভা শেষে ঐতিহ্যবাহী নাচ-গানের মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।







