আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস: অধিকার, নিরাপত্তা ও মুক্তচিন্তার অঙ্গীকার
সাকিবুর রহমান বাবলা
১৭ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস। শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা ও মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক মূল্যবোধ, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী চেতনাকে স্মরণ করাই এ দিবসের মূল তাৎপর্য। ১৯৩৯ সালে নাৎসি জার্মানির দখলদারত্বের বিরুদ্ধে চেকোস্লোভাকিয়ার শিক্ষার্থীদের প্রতিবাদ ও আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে দিবসটির সূচনা। এটি কেবল শিক্ষার্থীদের উৎসব নয়; বরং শিক্ষাঙ্গনের স্বাধীনতা, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার।
দিবসটির ঐতিহাসিক সূত্রপাত দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের ইউরোপে। ১৯৩৩ সালে অ্যাডলফ হিটলার জার্মানির ক্ষমতায় আসার পর অস্ট্রিয়া ও চেকোস্লোভাকিয়াসহ বিভিন্ন ভূখণ্ডে আগ্রাসী সম্প্রসারণ শুরু করেন। ১৯৩৮ সালে অস্ট্রিয়া জার্মানির সঙ্গে যুক্ত হয় এবং পরবর্তী সময়ে চেকোস্লোভাকিয়ার ভূখণ্ডের বড় অংশ নাৎসি নিয়ন্ত্রণে চলে যায়। ১৯৩৯ সালের ২৮ অক্টোবর চেকোস্লোভাকিয়ার স্বাধীনতার বার্ষিকীতে প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাৎসি দখলদারত্বের বিরুদ্ধে বিক্ষোভ করেন। এতে চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থী ইয়ান ওপলেটাল গুলিবিদ্ধ হন এবং ১১ নভেম্বর মারা যান। ১৫ নভেম্বর তাঁর শেষকৃত্যের শোভাযাত্রায় হাজার হাজার শিক্ষার্থী অংশ নিয়ে প্রতিবাদ জানান। এর জেরে ১৭ নভেম্বর নাৎসি বাহিনী চেক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেয় এবং নয়জন শিক্ষার্থী নেতাকে বিনা বিচারে মৃত্যুদণ্ড দেয়। পরে ২০ নভেম্বর রাতে ১ হাজার ১৪০ জনের বেশি শিক্ষার্থীকে স্যাক্সেনহাউসেন কনসেনট্রেশন ক্যাম্পে পাঠানো হয়। বন্দিদশায় অন্তত ২১ জন শিক্ষার্থী প্রাণ হারান।
এই আত্মত্যাগের স্মরণে ১৯৪১ সালে লন্ডনে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিক্ষার্থী পরিষদের সম্মেলনে ১৭ নভেম্বরকে আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শিক্ষার্থী ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন দিবসটি পালনের ধারাবাহিকতা বজায় রাখে। পরবর্তী সময়ে দিনটি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রতীকেও পরিণত হয়। ১৯৭৩ সালে গ্রিসের এথেন্স পলিটেকনিকে সামরিক জান্তাবিরোধী শিক্ষার্থী বিদ্রোহ এবং ১৯৮৯ সালের ১৭ নভেম্বর চেকোস্লোভাকিয়ায় ভেলভেট বিপ্লবের সূচনা এ ইতিহাসকে আরও তাৎপর্যপূর্ণ করে। শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে সমাজতান্ত্রিক শাসন থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের কারণে ১৯৮৯ সালের ঘটনাটি ভেলভেট বিপ্লব নামে পরিচিত। চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ায় দিনটি স্বাধীনতা ও গণতন্ত্রের সংগ্রাম দিবস হিসেবেও সরকারি ছুটিতে পালিত হয়।
বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের আন্দোলন এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বারবার রাষ্ট্রীয় দমন-পীড়নের মুখে পড়েছে। ১৯৮৯ সালের চীনের তিয়েনআনমেন, ১৯৭৬ সালের দক্ষিণ আফ্রিকার সোয়েটো, ১৯৬৮ সালের মেক্সিকোর ত্লাতেলোলকো, ১৯৯৯ সালের ইরানের তেহরান বিশ্ববিদ্যালয় এবং ১৯৮০ সালের দক্ষিণ কোরিয়ার গোয়াংজুর ঘটনাগুলো তার উল্লেখযোগ্য উদাহরণ। ১৯৭০ সালে যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়ে ভিয়েতনাম যুদ্ধবিরোধী বিক্ষোভে চার শিক্ষার্থী নিহত হন। ২০১৪ সালে মেক্সিকোর ইগুয়ালায় ৪৩ শিক্ষার্থীর অপহরণ ও নিখোঁজ হওয়ার ঘটনাও বিশ্ববিবেককে নাড়া দেয়। এসব ঘটনা প্রমাণ করে, শিক্ষার্থীদের ন্যায্য দাবি উপেক্ষা ও দমন-পীড়ন সমাজে দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করে।
বাংলাদেশের ইতিহাসও শিক্ষার্থীদের আত্মত্যাগ ও সংগ্রামের গৌরবময় অধ্যায়ে সমৃদ্ধ। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে শিক্ষার্থীদের রক্তদান বাঙালির জাতীয় চেতনার ভিত্তি গড়ে দেয়। ১৯৭১ সালের ২৫ মার্চ অপারেশন সার্চলাইটের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, ইকবাল হল (বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) ও রোকেয়া হলসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও শিক্ষকদের নির্মমভাবে হত্যা করা হয়। সর্বশেষ ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দেশব্যাপী গণ-আন্দোলনে রূপ নেয়। এসব ঐতিহাসিক ঘটনা শিক্ষার্থীদের সাহস, আত্মত্যাগ ও অধিকার আদায়ের সংগ্রামী চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত, যা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শিক্ষার্থীদের নিরাপত্তা ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত দায়িত্ব। নিরাপদ শিক্ষার পরিবেশ, প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন, স্বাধীন মতপ্রকাশ এবং মানবাধিকার নিশ্চিত করা ছাড়া মেধা, মুক্তচিন্তা ও সৃজনশীলতার বিকাশ সম্ভব নয়। বর্তমান সময়ে ক্যাম্পাসের শারীরিক নিরাপত্তা, দলীয় সহিংসতা, দখলদারত্ব, র্যাগিং ও হয়রানি বন্ধের পাশাপাশি সাইবার বুলিং প্রতিরোধ, মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং গবেষণা ও উচ্চশিক্ষায় পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ছাড়া আবাসিক হলে দলীয় প্রভাবমুক্ত পরিবেশ, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন, কার্যকর অভিযোগ নিষ্পত্তি কমিটি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে হবে। জাতিসংঘের নীতিমালা ও আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে বাংলাদেশেও শিক্ষার্থীদের অধিকার, জীবন সুরক্ষা এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তাদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীরা কেবল ভবিষ্যৎ নাগরিক নয়; তারা বর্তমান সমাজেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাদের কণ্ঠরোধ নয়, বরং যুক্তিসংগত মতামতের মূল্যায়ন করতে হবে। শিক্ষাঙ্গনকে রাজনৈতিক সহিংসতা, বৈষম্য, ভয়ভীতি ও নির্যাতনমুক্ত রেখে শিক্ষা, গবেষণা ও মানবিক মূল্যবোধের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসের প্রকৃত শিক্ষা হলো—শিক্ষার অধিকার রক্ষা, শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত অঙ্গীকার।









