সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে শিক্ষা সফর, সাগরজলে আনন্দে মাতলেন সাংবাদিকরা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
কক্সবাজারে শিক্ষা সফর, সাগরজলে আনন্দে মাতলেন সাংবাদিকরা

জি এম আমিনুল হক, কক্সবাজার থেকে: বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারে সাতক্ষীরার বিডিএফ প্রেসক্লাবের শিক্ষা সফর আনন্দঘন পরিবেশে চলছে। সাত দিনের সফরের অংশ হিসেবে চতুর্থ দিনে বঙ্গোপসাগরের নীল জলরাশিতে সমুদ্রস্নান, সৈকত ভ্রমণ ও নানা আনন্দঘন আয়োজনে সময় কাটিয়েছেন ক্লাবের ২১ সদস্য।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ২১ সদস্যের দলটি সাতক্ষীরা থেকে বাসযোগে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে। দীর্ঘ পথ পেরিয়ে সমুদ্রসৈকতে পৌঁছে সফরসঙ্গীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। যাত্রাপথের ক্লান্তি ভুলে সবাই মেতে ওঠেন সাগরের সৌন্দর্য উপভোগে।

কক্সবাজারের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট ঘুরে দেখেন সফরসঙ্গীরা। ভোরের স্নিগ্ধ আলো, দুপুরের ঝলমলে রোদ আর সন্ধ্যার সূর্যাস্ত—সৈকতের প্রতিটি সময়ের সৌন্দর্য উপভোগ করেন তাঁরা। বিশেষ করে সাগরের বুকে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য সবার মনে দাগ কাটে।

সফরের অন্যতম আকর্ষণ ছিল সমুদ্রস্নান। দলবেঁধে সাগরে নেমে ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে ওঠেন সদস্যরা। সৈকতে ঘোড়ায় চড়া, ছবি তোলা, ডাব ও ভুট্টাসহ স্থানীয় খাবার উপভোগের পাশাপাশি জেট স্কিতে পর্যটকদের ঘুরে বেড়ানোর দৃশ্যও উপভোগ করেন তাঁরা।

কক্সবাজারের ইতিহাস ও ঐতিহ্যও সফরসঙ্গীদের আগ্রহের বিষয় হয়ে ওঠে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্সের নাম অনুসারে এ শহরের নামকরণ হয়। একসময় পালংকী নামে পরিচিত এ জনপদ বর্তমানে দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র।

সাগরপাড়ের শুঁটকির বাজার, মাছের আড়ত ও বার্মিজ মার্কেট ঘুরে স্থানীয় মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানার সুযোগ পান সফরসঙ্গীরা। তাঁদের কাছে কক্সবাজার শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা নয়, বরং উপকূলীয় মানুষের জীবন-জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জানারও এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র।

বিডিএফ প্রেসক্লাবের এ শিক্ষা সফর সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করেছে। দীর্ঘদিনের কর্মব্যস্ততার বাইরে একসঙ্গে সময় কাটানোর পাশাপাশি দেশের পর্যটন, প্রকৃতি ও স্থানীয় জীবনযাত্রা সম্পর্কে জানার অভিজ্ঞতা তাঁদের স্মৃতিতে স্মরণীয় হয়ে থাকবে।

Ads small one

সিনেমা নেই, আছে তারকাদের আওয়াজ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ণ
সিনেমা নেই, আছে তারকাদের আওয়াজ

ঢালিউড জীবিত নাকি মৃত? এই প্রশ্নের সঠিক উত্তর কারও কাছে নেই। কেউ কেউ বলেন, ঢাকার সিনেমা এখন আইসিউতে। আবার কেউ বলছেন, সিনেমার সুদিন ফিরছে। দুই ঈদে তিন-চারটি সিনেমার বাইরে সারা বছর আর কোনও সিনেমা দর্শক তেমন দেখছে না।

বছরের অন্য সময়ে যে কটি সিনেমা মুক্তি পায় তার মধ্যে অধিকাংশ নামমাত্রই। এগুলো সুশীলদের কাছে না পাচ্ছে প্রশংসা, অন্যদিকে ব্যবসা সফলও হচ্ছে না।

তবে বলা চলে সিনেমা না থাকলেও সারা বছরজুড়ে আছে তারকাদের আওয়াজ। এই আওয়াজ সামাজিক যোগাযোগমাধ্যমে সব শ্রেণীর দর্শকের কাছে অল্প সময়ে পৌছে যায়। তারকাদের নানা রকম আওয়াজে সবাই বিনোদনও খোঁজেন।

সাম্প্রতিক সময়ে তারকাদের সে সব আওয়াজের উল্লেখযোগ্য কয়েকটি তুলে ধরা হলো-

‘তুই ফ্যাসিস্ট’, জয়কে হেলাল খানের ধমক

‘সাগরিকা’, ‘জুয়াড়ি’ ও ‘হাছন রাজা’সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন নায়ক হেলাল খান। তবে প্রায় গত দুই দশক নতুন কোনও সিনেমায় নেই তিনি। গতকাল এই অভিনেতা নতুন করে আবার আলোচনায় এসেছেন।

 

সামাজিকযোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বেশ চর্চা হচ্ছে। বিভিন্ন ভিডিওতে দেখা যায় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরীকে প্রকাশ্যে ‘ফ্যাসিস্ট’ বলে আক্রমণ করেছেন তিনি। বিএফডিসির সামনে একটি মানববন্ধনে জয় ও কয়েকজনের অংশ না নেওয়ায় তিনি ক্ষেপেছেন বলে জানা যায়। হেলাল খান বর্তমানে রাজনীতিতেই ব্যস্ত সময় পার করছেন।

শাকিব খানের ভুল তথ্য

গত বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে শাকিব খানকে দেখা যায়। সেখানে পাকিস্তানের সিনেমা ইন্ডাস্ট্রির তথ্য তুলে ধরে তিনি জানান, তাদের রানিং হলের সংখ্যা বা আধুনিক মাল্টিপ্লেক্সের সংখ্যা প্রায় এক হাজার থেকে বারোশো। এমনকি তাদের কোনও সিনেমা ব্লকবাস্টার হলে ২০০ থেকে ৩০০ কোটি টাকা গ্রস বা ব্যবসা করে, যা অত্যন্ত বিস্ময়কর।

এরপরই সমালোচনা শুরু হয়। সমালোচকদের মতে, পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ২০২৪ সালের এপ্রিলে এক প্রতিবেদনে জানায়, দেশটিতে আনুমানিক ৬০টি সিনেমা হল ও ১৫০টি পর্দা রয়েছে। অন্যদিকে ২০২৫ সালের মার্চে দ্য এক্সপ্রেস ট্রিবিউন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের পর থেকে পাকিস্তানের প্রায় ৪০ শতাংশ সিনেমার পর্দা বন্ধ হয়ে গেছে। ওই সময় দেশটিতে সচল পর্দার সংখ্যা নেমে আসে ১১৫টিতে।

অর্থাৎ, শাকিবের দাবির সঙ্গে পাকিস্তানে বর্তমানে ১২০০টির বেশি সচল সিনেমা হল থাকার তথ্যের বড় ব্যবধান রয়েছে।

 

পরীমণি কাণ্ড

সিনেমা ছাড়াও সারা বছর আলোচনায় থাকা নায়িকাদের মধ্যে এগিয়ে আছেন পরীমণি। তার আওয়াজ অন্যদের থেকেও সহজে সবার কাছে পৌঁছে যায়। সম্প্রতি আদালত চত্বরে এক সাংবাদিকের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। এর পরেই গুলশানে একটি অনুষ্ঠানে তিনি আক্রমণের শিকার হয়েছেন বলে মধ্যরাতে ফেসবুক লাইভে জানান। সে সময় তার গাড়ি ভাঙচুর হয়েছে বলেও অভিযোগ করেন। তবে পুলিশ সূত্রে জানা যায়, তার গাড়ি অক্ষত ছিল।

দুই নায়িকার দ্বন্দ্ব

সামাজিক যোগাযোগমাধ্যমে অপু বিশ্বাস ও পরীমণির মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসের পর এবার সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন অপু বিশ্বাস।

রোববার (১৫ নভেম্বর) একটি অনুষ্ঠানে পরীমণিকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘তার লেভেলে এসে তারপর তাকে নিয়ে পোস্ট দিতে।’

কেন দ্বন্দ্ব?

এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস বলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন পরীমনি। কাউকে সরাসরি উল্লেখ না করলেও তার স্ট্যাটাসে অপু বিশ্বাসকে ইঙ্গিত করা হয়েছে বলে মনে করেন অনেকে। সেখানে তিনি লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সঙ্গে ক্লিয়ার হন, কী বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’

একই স্ট্যাটাসে অপুকে ‘পরগাছার রানি’ বলেও কটাক্ষ করেন পরীমনি।

 

তানজিন তিশার সদস্যপদ স্থগিত

গত বছর টিভি নাটক থেকে সিনেমায় নাম লেখান তানজিন তিশা। শাকিব খানের ‘সোলজার’ সিনেমায় দেখা যাবে তাকে। তবে এই সিনেমাটির মুক্তি এরমধ্যে অনিশ্চয়তার মুখে পড়েছে বলে অনেকে জানান। এদিকে তিশা শাড়ি কাণ্ড ও অন্য নায়িকার সঙ্গে দ্বন্দ্বে নিয়মিত খবরের শিরোনামে আছেন। সম্প্রতি তার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ। তবে এ নিয়ে তিনি বরাবরই সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

৩০ নভেম্বর কুষ্টিয়া আসছেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ণ
৩০ নভেম্বর কুষ্টিয়া আসছেন প্রধানমন্ত্রী

আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৩টায় কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর এ সফরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন এবং জেলার বন্ধ ও সংকটাপন্ন শিল্পপ্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন পরবর্তী উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনি ইশতেহারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সফর করবেন।

সফরকালে তিনি কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। পাশাপাশি জেলার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

দীর্ঘদিন ধরে নানা সংকট ও অব্যবস্থাপনায় কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান দুটি ঘিরে স্থানীয় মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরে এসব প্রতিষ্ঠানের উন্নয়ন ও পুনরায় অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বিষয়ে কার্যকর উদ্যোগের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই তিনি কুষ্টিয়ায় আসছেন।

তিনি বলেন, সফরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। পাশাপাশি দীর্ঘদিনের প্রত্যাশা কুষ্টিয়া সুগার মিল ও মোহিনী মিলসকে ঘিরে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি, শিল্পপ্রতিষ্ঠানগুলোর পুনরুজ্জীবন এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পাবে। আমরা আশা করছি, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে ছাত্রলীগ নেতা মানিক গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে ছাত্রলীগ নেতা মানিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের যশোরের কেশবপুর উপজেলা শাখার আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ভোমরা স্থলবন্দর ও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে কেশবপুর থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ৮ নভেম্বর মানিক দুই বন্ধুর সঙ্গে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। তাঁর দুই বন্ধু আগেই দেশে ফিরে এলেও সোমবার দেশে প্রবেশের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

কেশবপুর থানার ওসি হাফিজুর রহমান জানান, কাজী আজহারুল ইসলাম মানিকের বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকা- ও সহিংসতার অভিযোগে থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, মানিকের বাবা কাজী রফিকুল ইসলাম কেশবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তাঁর বড় ভাই কাজী রওনকুল ইসলাম শ্রাবণ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি।