মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডা. মাহমুদুল হাসান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডা. মাহমুদুল হাসান

নিজস্ব প্রতিনিধি: বিজ্ঞাপন-বিরতিহীনভাবে এগিয়ে চলেছে বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞান। আন্তর্জাতিক অঙ্গনে দেশের চিকিৎসা খাতের অর্জনে যুক্ত হতে যাচ্ছে নতুন এক পালক। বিশ্বের মর্যাদাপূর্ণ দুটি আন্তর্জাতিক স্পাইন সার্জারি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন দেশের স্পাইন সার্জারি অঙ্গনের পরিচিত মুখ ডা. মো. মাহমুদুল হাসান পলাশ। সম্মেলন দুটিতে তিনি বাংলাদেশের স্পাইন চিকিৎসার অগ্রগতি নিয়ে বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।

আগামী ২৭ মে তুরস্কে শুরু হতে যাচ্ছে বিশ্বখ্যাত ‘গ্লোবাল স্পাইন কংগ্রেস ২০২৬’। এই সম্মেলনে ডা. মাহমুদুল হাসান স্পাইন সার্জারির ওপর তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করবেন। বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান স্পাইন সার্জন, গবেষক ও চিকিৎসাবিজ্ঞানীরা এই কংগ্রেসে অংশ নিচ্ছেন।

তুরস্কের এই বড় আয়োজন শেষে তিনি সরাসরি যোগ দেবেন ফিলিপাইনে। ‘এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি’ এবং ‘ফিলিপাইন স্পাইন সোসাইটি’র আমন্ত্রণে দেশটির সেবু দ্বীপে অনুষ্ঠিতব্য ৩২তম বার্ষিক সায়েন্টিফিক মিটিংয়ে অংশ নেবেন তিনি। সেখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্পাইন সার্জারিকে কীভাবে আরও উন্নত, নিরাপদ ও কার্যকর করা যায়Ñতা নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবেন এই বাংলাদেশি চিকিৎসক।
ডা. মাহমুদুল হাসান বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্তি হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০০৬ সালে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন তিনি। চিকিৎসা পেশায় দক্ষতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০১৯ সালে অর্থোপেডিক সার্জারিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এরপর আন্তর্জাতিক পর্যায়ে একাধিক প্রশিক্ষণ, কোর্স ও মর্যাদাপূর্ণ ফেলোশিপ সম্পন্ন করে স্পাইন সার্জারিতে নিজেকে একজন দক্ষ বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করেন। ২০২০ সালে ভারতে ‘এও ট্রমা কোর্স’ এবং ‘এও স্পাইন সার্টিফিকেট কোর্স’ সম্পন্ন করেন। ২০২২ সালে আমেরিকান কলেজ অব সার্জনস থেকে আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘এফএসিএস’ স্বীকৃতি লাভ করেন।

 

২০২৩ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ‘অ্যাডভান্সড স্পাইন সার্জারি’ এবং ভারতের আহমেদাবাদে ‘এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি’র হ্যান্ডস-অন প্রশিক্ষণ নেন। ২০২৪ সালে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ‘এও স্পাইন ফেলোশিপ’ এবং দিল্লিতে স্পাইন সার্জারি কোর্স সম্পন্ন করেন। ২০২৫ সালে থাইল্যান্ডের ব্যাংককে ‘এও স্পাইন অ্যাডভান্সড কোর্স’, মালয়েশিয়ায় ‘ইন্টারন্যাশনাল এমএসএস সায়েন্টিফিক কংগ্রেস’ থেকে ফেলোশিপ, দক্ষিণ কোরিয়ার এইন হাসপাতালে স্পাইন সার্জারিতে ফেলোশিপ এবং ফিলিপাইনে ‘মিনিমালি ইনভেসিভ লাম্বার স্পাইন ওয়ার্কশপ’-এ অংশগ্রহণ করেন।

বর্তমানে বাংলাদেশে আধুনিক ও মিনিমালি ইনভেসিভ (ছোট ছিদ্রের মাধ্যমে আধুনিক অস্ত্রোপচার) স্পাইন সার্জারির প্রসারে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান। চিকিৎসা খাতের বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনগুলোতে বাংলাদেশের একজন চিকিৎসকের এমন সক্রিয় অংশগ্রহণ ও গবেষণালব্ধ তথ্য উপস্থাপন দেশের চিকিৎসা খাতের জন্য অত্যন্ত গর্বের বিষয়। বিশ্বমঞ্চে তার এই ধারাবাহিক অংশগ্রহণ বাংলাদেশের স্পাইন চিকিৎসাব্যবস্থাকে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Ads small one

জামায়াতকে ভয় দেখিয়ে লাভ নেই’: সংসদ সদস্য মুহা. আব্দুল খালেক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ণ
জামায়াতকে ভয় দেখিয়ে লাভ নেই’: সংসদ সদস্য মুহা. আব্দুল খালেক

সংবাদদাতা: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, অন্যায়ের কাছে সাতক্ষীরার মানুষ কখনো মাথা নত করেনি এবং ভয় দেখিয়েও তাঁদের দমানো যাবে না।

সোমবার (২৭ জুলাই) বিকেলে সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমতলা মোড়ে জুলাই শহীদদের স্মরণ, তাঁদের আত্মার মাগফিরাত কামনা ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ মোনার সভাপতিত্বে ও ওয়ার্ড জামায়াতের আমির মো. জিয়ারুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির শেখ নূরুল হুদা, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম ও পৌর জামায়াতের আমির মো. জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার কোনো অনিয়ম ও দুর্নীতির কাছে তিনি মাথা নত করবেন না। সম্প্রতি সংসদে সাতক্ষীরায় রেললাইন স্থাপন, সুন্দরবন টেক্সটাইল মিল পুনরায় চালু, পৌরসভার আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসন এবং সড়ক কাঠামোর উন্নয়নের দাবি তুলে ধরা হয়েছে উল্লেখ করে তিনি ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

ভারি বৃষ্টিতে ভাঙা রাস্তা মেরামত ও পানি নিষ্কাশনে আনসার-ভিডিপি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
ভারি বৃষ্টিতে ভাঙা রাস্তা মেরামত ও পানি নিষ্কাশনে আনসার-ভিডিপি

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলায় ভারি বৃষ্টিপাতের কারণে সাতবাড়িয়া ইউনিয়নের দত্তনগর গ্রামসহ বিভিন্ন স্থানে রাস্তা ভেঙে যায়। বিষয়টি গত শুক্রবার উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. মিয়াজান আলীকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে যশোর জেলা কমান্ড্যান্ট মাজহারুল ইসলাম ভূঁইয়াকে অবহিত করেন। জেলা কমান্ড্যান্টের পরামর্শে আনসার সদস্যদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়। সেই লক্ষ্যে সাতবাড়িয়া ইউনিয়নের দলনেতা তালিব হোসাইন ও ২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়নের দলনেতা আলী হোসেন প্লাটুনভুক্ত ভিডিপি সদস্যদের সঙ্গে নিয়ে রাস্তা মেরামত ও পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।
এ সময় উপস্থিত থেকে সাধুবাদ জানান সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা। আনসার-ভিডিপির এই স্বেচ্ছাশ্রম ও সামাজিক কাজের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলী জানান, যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকতে তাঁর দল ও সদস্যরা সবসময় প্রস্তুত রয়েছেন।

প্রান্তিক যুব সংঘের সভায় জলাবদ্ধতা নিরসনে মানববন্ধনের সিদ্ধান্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
প্রান্তিক যুব সংঘের সভায় জলাবদ্ধতা নিরসনে মানববন্ধনের সিদ্ধান্ত

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার সামাজিক সংগঠন ‘প্রান্তিক যুব সংঘ’-এর জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে তিনটায় সাতক্ষীরার প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি হৃদয় ম-লের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির সাতক্ষীরা ইউনিটের লাইব্রেরি ইনচার্জ মো. আতিকুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরজাহান খাতুন, সাংগঠনিক সম্পাদক সাদিয়া আফরিন, বোর্ড সদস্য ও সাধারণ সদস্যরা।
সভার শুরুতে সংগঠনের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনে তরুণদের সামাজিক ও পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় সাতক্ষীরা জেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা জানান, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা স্থানীয় জনজীবন, কৃষি, শিক্ষা ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এই সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে শিগগিরই একটি মানববন্ধন কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
জলাবদ্ধতা নিরসনের দাবির পাশাপাশি নারীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং অনলাইন নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।