আশাশুনিতে এসএসসি ও দাখিল পরীক্ষা নিয়ে কেন্দ্র সচিবদের সভা
বিএম আলাউদ্দীন, আশাশুনি: আসন্ন এসএসসি, দাখিল ও কারিগরি শিক্ষা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আশাশুনিতে কেন্দ্র সচিব ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল চারটায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কু-ুর সভাপতিত্বে সভায় ২০২৬ সালের পাবলিক পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু কঠোর ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় গৃহীত উল্লেখযোগ্য সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারি নির্দেশনা মোতাবেক, যে কেন্দ্রে যে বিদ্যালয়ের পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে, সেই বিদ্যালয়ের কোনো শিক্ষক ওই কেন্দ্রে কক্ষ পরিদর্শক বা অন্য কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। পরীক্ষা চলাকালীন কেন্দ্রে অনিয়ম রোধে কেন্দ্র সচিবদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের নির্ধারিত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আশাশুনি সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলামসহ বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল, দরগাহপুর কলেজিয়েট স্কুল, আশাশুনি আলিম মাদ্রাসা ও শরাফপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা।
ইউএনও শ্যামানন্দ কু-ু বলেন, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না। সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।









