আশাশুনিতে যুবদল নেতার ঘের থেকে চোরাই প্রাইভেটকার উদ্ধার করলো পুলিশ
পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের মাছের ঘের থেকে চাঁদপুরের হাজীগঞ্জে চুরি হওয়া একটি সাদা রঙের করোলা প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার বুধহাটা ইউনিয়নের বাউসুলী (মান্দারা) এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় আবু জাহিদ সোহাগকে আটক করা যায়নি।
উদ্ধার হওয়া গাড়িটি ঢাকা মেট্রো-গ-২৫-৩২১৯ নম্বরের। বাউসুলী গ্রামের কামরুল শেখের ছেলে এনামুল শেখ জানান, তিনি প্রায় দুই বছর ধরে আবু জাহিদ সোহাগের ৪৫ বিঘার মাছের ঘেরে কাজ করছেন। প্রায় তিন মাস আগে সোহাগ পার্শ্ববর্তী ঘেরের কর্মচারী ইলিয়াসের মাধ্যমে পুরোনো গাড়িটি কেনেন। গাড়িটির পেছনে দেড় লাখ টাকা খরচ করা হয়। বিক্রেতাকে ২০ হাজার টাকা পরিশোধ করা হলেও ৩০ হাজার টাকা বাকি ছিল। সোহাগ মাঝেমধ্যে গাড়িটি ব্যবহার করতেন।
এনামুল শেখ জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সাদা পোশাকে কয়েকজন এসে গাড়িটির ছবি তোলেন ও মালিকের পরিচয় জানতে চান। তিনি গাড়িটির মালিক হিসেবে সোহাগের নাম জানান। পরে ভোর ৬টার দিকে পুলিশ গাড়িটি নিয়ে যায়।
স্থানীয় খোকন সরদারও জানান, প্রায় তিন মাস ধরে সোহাগ গাড়িটি ব্যবহার করছিলেন। সোমবার ভোরে পুলিশ গাড়িটির মালিকানা সম্পর্কে জানতে চাইলে তিনি সোহাগের নাম জানান। পরে আশাশুনি থানা ও হাজীগঞ্জ থানা পুলিশের সদস্যরা গাড়িটি উদ্ধার করে নিয়ে যান।

হাজীগঞ্জ থানার উপপরিদর্শক নূরে আলম জানান, হাজীগঞ্জ পৌরসভার হাকিমাবাদ গ্রামের আবুল কাশেমের গাড়ি চুরির ঘটনায় গত ১৯ অক্টোবর থানায় মামলা হয়। তদন্তে গাড়িটির অবস্থান আশাশুনির বাউসুলী এলাকায় জানতে পেরে তিনি রোববার রাতে সাতক্ষীরায় আসেন। সোমবার ভোরে সোহাগের ঘের থেকে গাড়িটি উদ্ধার করা হয়। তবে মামলার তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আবু জাহিদ সোহাগের হেফাজত থেকে চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাকে আইনের আওতায় আনা হবে।
অন্যদিকে, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীদুর রহমান জানান, হাজীগঞ্জ থানা থেকে পুলিশ এসে বাউসুলী গ্রামের একটি ঘের থেকে প্রাইভেটকার নিয়ে গেছে। গাড়িটি চোরাই কি না, সে বিষয়ে তিনি অবগত নন।
আবু জাহিদ সোহাগের বক্তব্য জানতে সোমবার বিকেলে একাধিকবার ফোন করা হলেও প্রথমে ব্যস্ত পাওয়া যায়, পরে ফোন বন্ধ পাওয়া যায়। আশাশুনি থানার উপপরিদর্শক ফিরোজ হোসেনের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।












