আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সমন্বয় সভা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু।
সভায় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। এ সময় গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি, বিদ্যমান সমস্যা ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অরবিন্দ ম-ল, মঞ্জুরুল ইসলাম, মুনশী মাহফুজুর রহমান, প্রভাষ চন্দ্র ম-ল ও বিপ্লব কুমার প্রমুখ।
সভায় স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তি, সাধারণ মানুষের বিচারপ্রাপ্তি সহজ করা এবং ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি কার্যক্রমের অগ্রগতি অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।












