আশাশুনিতে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি সভা
আশাশুনি প্রতিনিধি: বাঙালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ) উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) বাংলা ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কু-ুর সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস ও বিআরডিবি কর্মকর্তা আবুল কালাম আজাদ। এছাড়া রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউল হুদা তুইন ও জাকির হোসেন বাবু।
সভায় নববর্ষ উদযাপনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। এর মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা, জাতীয় সংগীত পরিবেশন এবং বাঙালির ঐতিহ্যবাহী খেলাধুলা—লাঠিখেলা, হাড়িভাঙা ও হাঁস ধরা। এছাড়া উৎসবে আসা অতিথিদের জন্য পান্তা-ইলিশসহ দেশীয় খাবারের আয়োজন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যান্যের মধ্যে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন, জামায়াতের অফিস সেক্রেটারি রুহুল কুদ্দুস ও একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান হাসান সভায় বক্তব্য দেন। বক্তারা উৎসবটি আনন্দমুখর ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।









