আশাশুনিতে পুলিশের সাঁড়াশি অভিযান, অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৬
বিএম আলাউদ্দীন, আশাশুনি: আশাশুনিতে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে অপহরণ মামলার আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-মনিপুর গ্রামের ইসাক আলী সানার ছেলে ইমান হোসেন (২৫), নাকনা গ্রামের সাইফুল্লাহ গাজীর ছেলে মোঃ আসাদুল গাজী, গোকুলনগর গ্রামের মৃত করিম মোড়লের ছেলে কোপাত মোড়ল, একই গ্রামের কাউসার আলী মোড়লের ছেলে ফয়জুল ইসলাম এবং কুদ্দুস সরদারের ছেলে রিয়াছাদ সরদার, কাকড়াবুনিয়া গ্রামের গোলাম মোস্তফা আকুঞ্জ এর ছেলে জহুরুল আকুঞ্জ (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, ইমান হোসেনের বিরুদ্ধে আশাশুনি থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় মামলা রয়েছে। অভিযানে খুলনার সোনাডাঙ্গা থানাধীন একটি ভাড়া বাসা থেকে মামলার ভিকটিমকে উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, সাজাপ্রাপ্ত আসামি আসাদুল গাজীকে নাকনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া কোপাত মোড়ল টিআর-২১৫/২৪, ফয়জুল ইসলাম সিসি-৭৫/২২ এবং রিয়াছাদ সরদার সিআর-৯১/২৫ মামলার আসামি।
ওসি শাহিদুর রহমানের নেতৃত্বে এসআই মিনহাজ উদ্দিন, এসআই নাসির উদ্দিন, এসআই আনজির হোসেন, এএসআই এমদাদ ও এএসআই জাহিদ হাসানসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।












