সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষ্ণনগরে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
কৃষ্ণনগরে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু

oplus_0

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় ইউনিয়নের কিষান মজদূর ইউনাইটেড অ্যাকাডেমি হাইস্কুল মাঠে এ সেবার উদ্বোধন করেন সমাজসেবক আমিরুল ইসলাম খোকন মোল্লা।
উদ্বোধন শেষে অ্যাম্বুলেন্স নিয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। উদ্যোক্তা আমিরুল ইসলাম খোকন মোল্লা জানান, কৃষ্ণনগর ইউনিয়নের বাসিন্দারা জরুরি প্রয়োজনে কোনো ভাড়া ছাড়াই এ অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবেন। বিশেষ করে অসচ্ছল ও দরিদ্র রোগী, মুমূর্ষু ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে এটি কাজে আসবে।
তিনি জানান, উপজেলা সদর থেকে কৃষ্ণনগর ইউনিয়নের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার এবং জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার। যোগাযোগ ও পরিবহনসংকটের কারণে জরুরি রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। সেই বাস্তবতা থেকে ব্যক্তিগত অর্থায়নে এ সেবা চালু করা হয়েছে। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
নিজের সেবামূলক কর্মকা- নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে আমিরুল ইসলাম বলেন, ষড়যন্ত্র নয়, মানুষের পাশে দাঁড়ানোর প্রতিযোগিতাই সবার করা উচিত। দিন শেষে জনগণই সঠিক মূল্যায়ন করবে।
স্থানীয় বাসিন্দা আয়ুব আলী গাজী, হুমায়ূন, রাজু ও শেখ রাসেল জানান, সীমান্তবর্তী ও দূরবর্তী এ ইউনিয়নে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু হওয়ায় দরিদ্র ও অসহায় মানুষ জরুরি মুহূর্তে বিশেষভাবে উপকৃত হবেন।

Ads small one

তালা পাবলিক হাইস্কুল আকস্মিক পরিদর্শনে জেলা শিক্ষা কর্মকর্তা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ
তালা পাবলিক হাইস্কুল আকস্মিক পরিদর্শনে জেলা শিক্ষা কর্মকর্তা

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবীর সোমবার (২৩ নভেম্বর) তালা পাবলিক হাইস্কুল আকস্মিক পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন।

পরিদর্শনকালে জেলা শিক্ষা কর্মকর্তা পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা বৃদ্ধি, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষকদের দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, শিক্ষক এস এম জাহাঙ্গীর হাসান, অজিয়ার রহমান, বিশ্বজিৎ গুহ, নুরুল ইসলাম, তহুরা খানম, অশোক কুমার, আনিছুর রহমান ও রবি শংকর।

বুধহাটায় সরকারি গাছ কাটার অভিযোগ, জব্দ ৫টি লগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ
বুধহাটায় সরকারি গাছ কাটার অভিযোগ, জব্দ ৫টি লগ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামে সরকারি খাসজমিতে থাকা একটি শিরিষ গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাটা গাছের পাঁচটি লগ জব্দ করেছে ইউনিয়ন ভূমি অফিস।
রোববার (২৩ নভেম্বর) শ্বেতপুর গ্রাম থেকে লগগুলো জব্দ করা হয়। স্থানীয়দের অভিযোগ, শনিবার বৃষ্টির মধ্যে গোপনে গাছটি কাটা হচ্ছিল।

শ্বেতপুর ওয়ার্ডের ইউপি সদস্য লিয়াকত আলী জানান, শনিবার বৃষ্টির মধ্যে শ্বেতপুর গ্রামের বিজয় ঘোষের বাড়ির সামনে বুধহাটা-শ্বেতপুর সড়কের পাশে থাকা শিরিষ গাছটি বৈদ্যুতিক করাত দিয়ে কাটা হচ্ছিল। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে জেলা পরিষদের কেয়ারটেকার তারিফুল ইসলাম, স্থানীয় হাতেম ও ফারুকসহ কয়েকজনকে দেখতে পান।

গাছ কাটার কারণ জানতে চাইলে তারিফুল ইসলাম জেলা পরিষদের অনুমোদন রয়েছে বলে দাবি করেন। তবে জেলা পরিষদের সার্ভেয়ার আল আমিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি গাছ কাটার বিষয়ে কিছু জানেন না বলে ইউপি সদস্যকে জানান। পরে ইউপি সদস্য বিষয়টি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সিদ্দিক উল্লাহকে অবহিত করেন।

স্থানীয়দের অভিযোগ, গাছের কাঠ বিক্রি করে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে গোপনে গাছটি কাটা হচ্ছিল। সরকারি জমি থেকে এভাবে গাছ কেটে নেওয়ার ঘটনা আগেও ঘটেছে বলে দাবি তাঁদের। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বুধহাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সিদ্দিক উল্লাহ জানান, গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পাঁচটি লগ জব্দ করে ভূমি অফিসে নেওয়া হয়েছে। তিনি বলেন, গাছটি জেলা পরিষদের জমিতে নয়, সরকারি খাসজমিতে ছিল।

নগরঘাটায় সার গোডাউন নির্মাণকাজ পরিদর্শন করলেন এমপি ইজ্জত উল্লাহ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
নগরঘাটায় সার গোডাউন নির্মাণকাজ পরিদর্শন করলেন এমপি ইজ্জত উল্লাহ

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ত্রিশ মাইল এলাকায় শিল্প মন্ত্রণালয়ের অনুমোদিত সার গোডাউন (বাফার গুদাম) নির্মাণকাজ পরিদর্শন করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নির্মাণাধীন গোডাউন প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় নির্মাণকাজের অগ্রগতি ও ব্যবহৃত নির্মাণসামগ্রীর গুণগত মান যাচাই করেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা এবং নির্মাণে মান বজায় রাখার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, সার গোডাউনটি নির্মিত হলে এ অঞ্চলের কৃষকদের সার সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। এতে কৃষকদের সারপ্রাপ্তি সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, নগরঘাটা ইউনিয়নের ভারপ্রাপ্ত আমির প্রভাষক জাহিদ হোসেন, উপজেলা শুরা সদস্য মাওলানা মেহেদী হাসান, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ।