তালায় ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী সিরাজুল ইসলাম
তালা প্রতিনিধি: তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী হিসেবে গাজী সিরাজুল ইসলামকে মনোনীত করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে মাঝিয়াড়া বাজারে ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে তাঁকে এ মনোনয়ন দেওয়া হয়।
গাজী সিরাজুল ইসলাম বর্তমানে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় পর্যায়ে তাঁর সাংগঠনিক ভূমিকা বিবেচনায় নিয়ে তাঁকে ইউপি সদস্য প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর জাফর। প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার।
সভায় আরও বক্তব্য দেন শিক্ষক শ্যামল চৌধুরী, বিএনপি নেতা সামছুর সমরদার, আব্দুর কাদের, শংকর দত্ত, আব্দুর হান্নান, খলিলুর রহমান, ফজলু রহমান, মালেক মোড়লসহ স্থানীয় নেতারা।
বক্তারা ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।









