সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজে ধীরগতি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ
আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজে ধীরগতি

মাঠে ব্লক-সামগ্রী, টিনশেডে চলছে ক্লাস; শিশুদের শিক্ষা ও খেলাধুলা ব্যাহত

সংবাদদাতা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ নির্ধারিত সময় ২০২৪ সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত মাত্র প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

 

এতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় ওয়াশব্লকের কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ এবং টিউবওয়েলের কাজ সম্পন্ন হয়েছে প্রায় ৪০ শতাংশ। সময়মতো কাজ শেষ না হওয়ায় শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে পাঠ গ্রহণ করছে। বিদ্যালয়ের খেলার মাঠ বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের ব্লক, নির্মাণসামগ্রী ও অন্যান্য মালামালে ভরাট হয়ে আছে। এতে শিশুরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয়দের ভাষায়, মাঠটি এখন কার্যত নির্মাণসামগ্রীর গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছে।

 

শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, ছোট শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা জরুরি হলেও মাঠ দীর্ঘদিন ধরে অনুপযোগী থাকায় তা ব্যাহত হচ্ছে। নতুন ভবন ব্যবহারযোগ্য না হওয়ায় বিদ্যালয়ে পাঠদান চলছে টিনশেড ও অস্থায়ী ছাপরা ঘরে। গরম ও বৃষ্টির মধ্যে দুর্বল অবকাঠামোতে ক্লাস করায় শিক্ষার্থীরা চরম কষ্টে রয়েছে বলে জানান শিক্ষকরা। অভিভাবকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে উন্নয়নকাজ ঝুলে থাকায় বিদ্যালয়ে নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশ নেই। এতে শিক্ষার্থীদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি তাদের।

 

স্থানীয়দের কেউ কেউ পরিস্থিতিকে শিশুদের প্রতি অবহেলা ও নির্দয় আচরণ হিসেবে উল্লেখ করেন। তাদের মতে, একটি প্রাথমিক বিদ্যালয়ে এমন অবস্থা গ্রহণযোগ্য নয়। স্থানীয় বাসিন্দা রাবেয়া খাতুন বলেন, দ্রুত নির্মাণকাজ শেষ করে বিদ্যালয়কে পূর্ণাঙ্গ পাঠদানের উপযোগী করার দাবি জানাচ্ছি। দীর্ঘদিনের অব্যবস্থাপনায় শিশুরা শিক্ষা ও খেলাধুলা—দুই দিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি মাঠ পরিষ্কার করে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শিদা পারভীন বলেন, দীর্ঘদিন ধরে কাজ অসম্পূর্ণ থাকায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে সম্প্রতি মাঠে রাখা ব্লক সরানোর কাজ শুরু হয়েছে। তিনি দ্রুত বাকি কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়া এবং মাঠে নির্মাণসামগ্রী পড়ে থাকার বিষয়টি তিনি জানেন। দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মাঠ পরিষ্কার করে শিশুদের খেলাধুলার উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।

 

Ads small one

কলারোয়ায় নির্বাচনী ইশতেহার ও সামাজিক সচেতনতা নিয়ে নারী সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
কলারোয়ায় নির্বাচনী ইশতেহার ও সামাজিক সচেতনতা নিয়ে নারী সমাবেশ

সংবাদদাতা: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নারীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে কলারোয়ার ধানদিয়া বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইদ্রিস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহা. আজমল করিম, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ বিন হাতিম, মোস্তফা নাসির উদ্দীন, মো. রফিকুল ইসলাম ও জয়গুন নেছা।

জেলা তথ্য অফিসের মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ভূমি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ ও নারীদের জন্য পরিবহন সুবিধাসহ বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এসব কর্মসূচি বাস্তবায়নে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নারীদের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

পাটকেলঘাটায় বাস-ইজিবাইক সংঘর্ষে ১০ জন আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
পাটকেলঘাটায় বাস-ইজিবাইক সংঘর্ষে ১০ জন আহত

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে মজুমদার পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সাতক্ষীরাগামী ইজিবাইকের সংঘর্ষ হলে ইজিবাইকের যাত্রীসহ ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে প্রায় এক ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

 

সাতক্ষীরায় প্রবাসীর বাড়ি থেকে ভুয়া এসআই পরিচয়ধারী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
সাতক্ষীরায় প্রবাসীর বাড়ি থেকে ভুয়া এসআই পরিচয়ধারী আটক

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাড়ি থেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দেওয়া কবির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। সোমবার (২৩ নভেম্বর) তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

আটক কবির হোসেন তালা উপজেলার মদনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজারবাগান এলাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন কবির। এ সময় তার পরিচয় নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে তিনি কী উদ্দেশ্যে পুলিশের এসআই পরিচয় ব্যবহার করছিলেন, তা জানা যায়নি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সরকারি কলেজের পাশ থেকে কবির হোসেন নামে একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মিথ্যা পরিচয় ব্যবহার ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।