কলারোয়ায় নির্বাচনী ইশতেহার ও সামাজিক সচেতনতা নিয়ে নারী সমাবেশ
সংবাদদাতা: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নারীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে কলারোয়ার ধানদিয়া বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইদ্রিস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহা. আজমল করিম, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ বিন হাতিম, মোস্তফা নাসির উদ্দীন, মো. রফিকুল ইসলাম ও জয়গুন নেছা।
জেলা তথ্য অফিসের মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ভূমি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ ও নারীদের জন্য পরিবহন সুবিধাসহ বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এসব কর্মসূচি বাস্তবায়নে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নারীদের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।









