আশাশুনিতে যুব স্পোর্টিং ক্লাবকে খেলার সামগ্রী প্রদান
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে যুব স্পোর্টিং ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ক্লাবের নিজস্ব কার্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ এসব সামগ্রী বিতরণ করে।
অনুষ্ঠানে যুব স্পোর্টিং ক্লাবের সভাপতি নাভিদ নওরোজ আকাশের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক প্রভাষক মো. জাহিদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্রেকিং দ্য সাইলেন্স-এর উপজেলা সমন্বয়কারী দীপ রঞ্জন বিশ্বাস ও আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আকাশ হোসেন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ভলিবল, ফার্স্ট এইড বক্স, সাবান ও জীবাণুনাশক সেভলনসহ বিভিন্ন সরঞ্জাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়া সামগ্রী বিতরণের এই উদ্যোগ স্থানীয় তরুণদের শরীরচর্চায় আরও আগ্রহী করে তুলবে।
অনুষ্ঠানে আশাশুনি প্রেসক্লাবের সদস্য বি এম আলাউদ্দীন, যুব স্পোর্টিং ক্লাবের সহসভাপতি সোলেমান হোসেন, সাংগঠনিক সম্পাদক আহাদুজ্জামান আহাদ, অর্থ সম্পাদক রাব্বি হাসান ও প্রচার সম্পাদক লিমনসহ স্থানীয় ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।









