শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং করায় দুইজন গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং করায় দুইজন গ্রেফতার

নওগাঁর মান্দায় অটোরিকশায় মাইকিং করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার কাশোপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ছাড়া মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ এবং মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও নবগ্রাম তালবোনার মৃত গামা সরকারের ছেলে আব্দুল জলিল (৫০)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কালিকাপুর ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আসছেন বলে কয়েকজন ফাঁকা মাঠে মাইকিং করেন। পরে মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

উপজেলাবাসীকে আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্ম ও জাতির ভাইদের আদাব ও শুভেচ্ছা জানানো হয়। এরপর প্রচারণায় দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি ও পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পদার্পণ করবেন। এ সময় দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মাইকিং শেষ করা হয়।

মান্দা থানা পুলিশের ওসি আফজাল হোসেন বলেন, বিষয়টি আমাদের নজরে এলে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত দুইজন এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Ads small one

দেবহাটায় চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
দেবহাটায় চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় চিনেডাঙ্গা স্কুল মাঠে আচিমতলা যুব সংঘের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে আচিমতলা দুরন্ত ফুটবল একাদশকে এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লিজেন্ট ফুটবল একাদশ।

 

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ডা. মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক এমএ মামুন, সখিপুর ইউনিয়ন তাঁতীদলের সভাপতি ইউসুফ গাজী, বিএনপি নেতা আলমগীর হোসেন ও ইউপি সদস্য পদপ্রার্থী আয়শা খাতুন।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ইয়াছির আরাফাত লিপু। সহকারী রেফারি ছিলেন আব্দুল্লাহ ও ইব্রাহীম। ধারাভাষ্য দেন কেটিএসের পরিচালক কবির হোসেন।

প্রধান অতিথি ডা. মো. নজরুল ইসলাম বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে।

তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার পর থেকে নিজ অর্থায়নে এলাকার যুবকদের সার্বিক ব্যবস্থাপনায় বিভিন্ন সময়ে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে আসছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও জয়ী হলে যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে নিয়মিত এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করবেন।

একদিনে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
একদিনে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম উপসর্গে দেশে ১ হাজার ১১০ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ২১৪ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১১০ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৫ জনের। মোট ১ হাজার ১৩৫ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ২৭৩ জনের।

শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক

প্রথম সিনেমাতেই শাকিব খানের সঙ্গে সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। কিন্তু সেই আনন্দে মেঘ জমতে শুরু করেছে। ‘সোলজার’ সিনেমায় কিং খানের সঙ্গে জুটি বাঁধেন তিনি। গত বছর অক্টোবরে শুটিং শুরু হয়েছিল এ সিনেমার।

সে সময় আড়াই মিনিটের একটি ভিডিও প্রকাশ করে ওই বছরেরই ডিসেম্বরে সিনেমাটির মুক্তির সম্ভাব্য সময় জানানো হয়েছিল। পরে সেই পরিকল্পনা থেকে সরে এসে মুক্তির দিন ঠিক হয় ২০২৬ সালের ডিসেম্বর।

কিন্তু এর মধ্যে প্রায় বছর শেষের পথে। তবু শেষ হয়নি এখনও সিনেমার শুটিং। জানা যায়, সিনেমার অসমাপ্ত কাজ শেষ করতে ৯-১০ দিনের শুটিং শিডিউল দরকার, তা নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা।

এদিকে শিগগিরই ‘নিঃস্ব’ ও ‘মহব্বত’ নামে দুটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন শাকিব খান। এর মাঝে ‘সোলজার’-এর জন্য আলাদা শিডিউল তৈরি করতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। যে কারণে কেউ স্পষ্ট করে বলতে পারছেন না তানজিন তিশার অভিষেক সিনেমাটি কবে মুক্তি পাবে।

 

সম্প্রতি শাকিব খানের ম্যানেজার মনির জামান বলেন, ‘গত কয়েক বছরে শাকিব খানের কোনও ছবির শুটিং নিয়ে এতটা গড়িমসি হয়নি। বারবার শুটিংয়ের শিডিউল নেওয়া হয়েছে, এরপরও পরিচালক শুটিং শুরু করতে পারেননি। যে কয়বার শিডিউল নেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে আরামসে দুই-তিন সিনেমার শুটিং শেষ করা সম্ভব হতো। কিন্তু তারা পারেননি।’