আশাশুনিতে সীমানা নিয়ে জটিলতা, বাঁধ না দেওয়ায় ক্ষতির মুখে মৎস্য ঘের মালিক
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সালিশি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সীমানা নির্ধারণ হলেও বাঁধ নির্মাণ না করায় চরম ক্ষতির মুখে পড়েছেন এক ঘের ব্যবসায়ী। উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাঙ্গলদাড়িয়া মৌজায় এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ঘের মালিকের অভিযোগ, স্থানীয় রাজনীতির মারপ্যাঁচে তাকে পরিকল্পিতভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন করা হচ্ছে।
ভুক্তভোগী ঘের মালিক মো. ইউসুফ আলী জানান, নাঙ্গলদাড়িয়া মৌজায় পৈত্রিক ও ডিডকৃত মোট ২৩৩ বিঘা জমিতে ২০২১ সাল থেকে তিনি মৎস্য ঘের পরিচালনা করে আসছেন। ২০২৫ সালে কিছু জমির চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এবং মালিকরা জমি ফেরত চাওয়ায় চলতি ২০২৬ সালে তার ঘেরের আয়তন দাঁড়ায় ১৮৯ বিঘায়। এর মধ্যে ১৩৮ বিঘা জমির দখল পেলেও অবশিষ্ট জমির সীমানা নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
অভিযোগ সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ মেটাতে গত ৯ এপ্রিল স্থানীয় বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং আশাশুনি থানার মধ্যস্থতায় একটি সালিশি বৈঠক হয়। সেখানে মাপজোপের মাধ্যমে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়। যারা দখল নিয়েছেন তারা হলেনÑআসাদুজ্জামান (সাদ্দাম) মল্লিক, আলতাফ হোসেন মল্লিক ও সালিকুর রহমান মল্লিক তাদের ৮.৬৪ একর জমি বুঝে নিয়ে বাঁধ দিয়ে পৃথক করে ফেলেছেন।
যারা জটিলতা সৃষ্টি করছেন তারা হলেনÑইয়াউর রহমান ও আসাদুজ্জামান (উকিল) মল্লিক তাদের ৭ একর জমি পৃথক করে নেওয়ার জন্য সীমানা নির্ধারণ করলেও এখনো বাঁধ নির্মাণ করেননি।
বাঁধ না দেওয়ার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জমি মালিকরা জানান, বর্তমানে ঘেরে প্রচুর পানি থাকায় বাঁধ দেওয়া অত্যন্ত ব্যয়বহুল। তাই তারা সময় নিচ্ছেন। তবে ইউসুফ আলীর দাবি, এটি কেবল তাকে ক্ষতিগ্রস্ত করার একটি অজুহাত।












