শ্যামনগরে নদীভাঙন প্রতিরোধ ও টেকসই বেড়িবাঁধ নিয়ে সংলাপ
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে নদীভাঙন প্রতিরোধ ও টেকসই বেড়িবাঁধ সংস্কার বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পৌরসদরের নকিপুর বাজারসংলগ্ন প্রগতি সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের বাস্তবায়নাধীন এনগেজ প্রকল্পের উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের সভাপতিত্বে সংলাপে প্রকল্পের বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন বারসিকের এরিয়া অফিসার রোকসানা পারভীন। সঞ্চালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর শরিফুল ইসলাম। এতে সরকারি বিভিন্ন দপ্তর, সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিক ও বেসরকারি উন্নয়ন সংস্থার ৩০ জন প্রতিনিধি অংশ নেন।
সংলাপে উপকূলীয় অঞ্চলে নদীভাঙনের বর্তমান পরিস্থিতি, ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতকরণ, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এবং এর ফলে মানুষের বসতভিটা, কৃষি, জীবন-জীবিকা ও পরিবেশের ওপর প্রভাব নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, নদীভাঙন প্রতিরোধে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত সংস্কার, দীর্ঘমেয়াদি ও টেকসই বাঁধ নির্মাণ এবং নিয়মিত তদারকি প্রয়োজন। পাশাপাশি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং সরকারি দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে।
সংলাপে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা ভূমি অফিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে নদীভাঙন প্রতিরোধ ও টেকসই বেড়িবাঁধ সংস্কারে যৌথ উদ্যোগ গ্রহণ এবং পরবর্তী করণীয় নির্ধারণে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
বারসিকের ফিল্ড ফ্যাসিলিটেটর মাহুয়া পারভীন ও প্রদীপ কুমার ম-লসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।













