হোমিওপ্যাথিক চিকিৎসকদের ডিএনসি লাইসেন্স গ্রহণের আহ্বান
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তার সঙ্গে জেলা হোমিও কল্যাণ সংস্থার নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় অধিদপ্তরের পরিদর্শক মো. লায়েকুজ্জামান হোমিওপ্যাথিক চিকিৎসায় রেক্টিফায়েড স্পিরিট ও অ্যালকোহল ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিমালা অনুসরণ এবং প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ১০ ধারা এবং অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী লাইসেন্স বা পারমিট ছাড়া অ্যালকোহল বা স্পিরিট সংগ্রহ, মজুদ, সংরক্ষণ ও ব্যবহার আইনত নিষিদ্ধ। হোমিওপ্যাথিক চিকিৎসায় রেক্টিফায়েড স্পিরিট ব্যবহার এবং সংশ্লিষ্ট ওষুধ সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে চিকিৎসকদের আইনগত বাধ্যবাধকতা সম্পর্কে সচেতন হতে হবে।
এ সময় জেলা হোমিও কল্যাণ সংস্থার নবগঠিত কমিটির সভাপতি ডা. সৈয়দ কামরুজ্জামান বলেন, ডিএনসির লাইসেন্স গ্রহণের বিষয়ে জেলার অনেক হোমিওপ্যাথিক চিকিৎসক আগে অবগত ছিলেন না। বিষয়টি জানার পর চিকিৎসকদের সচেতন করতে জেলা কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি জেলার সব হোমিওপ্যাথিক চিকিৎসকের লাইসেন্স গ্রহণে সংস্থার পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি লাইসেন্স গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতা ও কিছুটা সময় দেওয়ার অনুরোধ জানান।
জবাবে পরিদর্শক মো. লায়েকুজ্জামান নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।







