আশাশুনির আনুলিয়ায় গভীর রাতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মোটরসাইকেল মহড়া
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে গভীর রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর মোটরসাইকেল মহড়ার অভিযোগ উঠেছে। এ সময় বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি টায়ারে আগুন ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বুধবার দিবাগত রাতে কয়েকটি মোটরসাইকেলে করে মহড়াকারীরা আনুলিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ বিভিন্ন এলাকায় দ্রুত চক্কর দেয়। এ সময় তারা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেয় বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা এসব তথ্য জানান। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের সামনে টায়ারে আগুন দিয়ে ভাঙচুরের অভিযোগও করেছেন তারা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুছ জানান, গভীর রাতে কয়েকটি মোটরসাইকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মহড়ার বিষয়টি তিনি এলাকাবাসীর কাছে শুনেছেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান জানান, ওই এলাকায় রাতে পুলিশের টহল ছিল। ইউপি চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে মহড়াকারীরা পালিয়ে যায়। বর্তমানে এলাকায় কোনো সমস্যা নেই।












