মহাকাশ-ভিত্তিক কম্পিউটিং নেটওয়ার্ক গড়ে তুলছে চীন
স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য তাৎক্ষণিকভাবে প্রক্রিয়াকরণ এবং পৃথিবীর কক্ষপথে সুপার কম্পিউটিং সক্ষমতা গড়তে মহাকাশভিত্তিক কম্পিউটিং নেটওয়ার্ক তৈরি করছেন চীনা বিজ্ঞানী ও প্রকৌশলীরা। চীনের সংবাদ মাধ্যম চায়না টুডে এ খবর জানিয়েছে।
চীনা একাডেমি অব সায়েন্সেসের অ্যারোস্পেস ইনফরমেশন রিসার্চ ইনস্টিটিউটের নেতৃত্বে এই উদ্যোগের একটি বাস্তব ধাপ এ সপ্তাহের শুরুতে সম্পন্ন হয়েছে। আনহুই প্রদেশের হেফেইয়ে প্রতিষ্ঠিত হয়েছে শিংইউন স্পেস এআই টেকনোলজিস। একাডেমির বিনিয়োগকৃত প্রতিষ্ঠান ও অন্য রাষ্ট্রীয় বিনিয়োগকারীদের এই যৌথ উদ্যোগের লক্ষ্য কক্ষপথের কম্পিউটিং সম্পদের সঙ্গে ভূমির অবকাঠামোর সমন্বয় ঘটানো।
সোমবার এক শিল্প ফোরামে ইনস্টিটিউটের একাডেমিক ডিন উ ইরং বলেন, প্রচলিত পদ্ধতিতে মহাকাশে তথ্য সংগ্রহ করে কাঁচা ফাইল পৃথিবীতে পাঠানো হয় এবং ভূমির কম্পিউটারে প্রক্রিয়াকরণ করা হয়। এতে সময়ের ব্যবধান মারাত্মক। সাগরের ওপর কিংবা সাধারণ বিমান চলাচল ও বাণিজ্যিক ড্রোন কার্যক্রম থেকে সংগৃহীত তথ্য অনেক সময় যথাসময়ে ভূ-স্টেশনে পৌঁছায় না।
উ বলেন, মহাকাশভিত্তিক কম্পিউটিং স্যাটেলাইটকে সেন্সিং, কম্পিউটিং ও যোগাযোগের সমন্বিত সক্ষমতা দেয়। ফলে তথ্য সংগ্রহের সঙ্গে সঙ্গেই প্রক্রিয়াকরণ সম্ভব। দ্রুতগতির আন্তঃস্যাটেলাইট সংযোগে যুক্ত এসব সম্পদ ভূমিভিত্তিক ব্যবস্থার পরিপূরক নেটওয়ার্ক হিসেবে কাজ করতে পারে।
কোম্পানিটির চেয়ারম্যান শাও জোংইয়ো বলেন, এটি কেবল ভূমির হার্ডওয়্যার স্যাটেলাইটে তুলে দেওয়া নয়। তার ভাষ্য, এটি একটি জটিল প্রকল্প, যার আওতায় রয়েছে রিমোট সেন্সিং, সেমিকন্ডাক্টর, মহাকাশ নেটওয়ার্ক, তাপ ব্যবস্থাপনা, জ্বালানি সরবরাহ ও নক্ষত্রপুঞ্জ নিয়ন্ত্রণ। মহাকাশে প্রথম ভাগযোগ্য, চালনাযোগ্য ও পরিচালনাযোগ্য কম্পিউটিং নেটওয়ার্ক যে গড়বে, সে-ই এগিয়ে থাকবে।
ন্যাশনাল স্যাটেলাইট মেটিওরোলজিক্যাল সেন্টারের জ্যেষ্ঠ গবেষক হুয়াং কং বলেন, স্যাটেলাইটে অন-বোর্ড কম্পিউটিং যুক্ত করা অত্যন্ত অর্থবহ। ভবিষ্যতে হাজার হাজার মহাকাশযানের নেটওয়ার্ক মোতায়েন হবে। মহাকাশের আবহাওয়া বদলালে ভূমি থেকে নির্দেশ পাঠানো যথেষ্ট দ্রুত নয়। কক্ষপথেই প্রক্রিয়াকরণ ও স্বয়ংক্রিয় সমন্বয় করতে পারলে স্যাটেলাইটের অবস্থান ঠিক রেখে ঝুঁকি কমানো যাবে।
দুর্যোগের সময় কম্পিউটিং-সক্ষম স্যাটেলাইট কক্ষপথেই রিয়েল-টাইমে তথ্য প্রক্রিয়াকরণ করে দ্রুত ঘটনাস্থলের ছবি ও বিশ্লেষণ দিতে পারবে বলেও জানান হুয়াং, যা উদ্ধার অভিযানে মূল্যবান সময় বাঁচাবে।









