আশাশুনির বড়দলে তালের আঁটি রোপণ কর্মসূচি
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে কপোতাক্ষ সামাজিক বনায়ন সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তালের আঁটি বপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় বড়দল বাজারের পুরোনো খেয়াঘাট চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কপোতাক্ষ সামাজিক বনায়ন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল ওহাবের সভাপতিত্বে সভায় উদ্বোধক ছিলেন উপজেলা বন কর্মকর্তা মো. রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ইউনুছ আলী মোল্যা।
ধারাভাষ্যকার আশরাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. আকাশ হোসেন, মুক্তারুজ্জামান মিঠুন গাজী, আবুল কালাম মোল্যা, মহিউদ্দীন দেওয়ান, সমীরণ কুমার ম-ল ও সাধন কুমার মল্লিক।
আলোচনা সভা শেষে অতিথিরা কপোতাক্ষ নদের বড়দল সেতুর দক্ষিণ পাশে ওয়াপদার রাস্তায় তালের আঁটি রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। বক্তারা জানান, চলতি মৌসুমে ওয়াপদা বাঁধের দুই পাশে ১ হাজার তালের আঁটিসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হবে। পরিবেশ রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তুলতে পর্যায়ক্রমে ইউনিয়নের অন্যান্য সড়কেও এই কার্যক্রম সম্প্রসারিত হবে।











