কাটারের জাদুতে ১১ বছর, মোস্তাফিজের জন্মদিনে চেন্নাই যা বললো
বাংলাদেশ ক্রিকেটের ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। বল হাতে তার আগমনটা ছিল এমনই বিস্ময়কর যে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই নিজের জন্য আলাদা এক জায়গা তৈরি করে ফেলেছেন। সময়ের স্রোতে সেই অভিষেকের ১১ বছর পেরিয়ে গেছে। এবার ৩১ বছরে পা দিয়েছেন বাংলাদেশের এই পেস তারকা।
রবিবার তার ৩১তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে তার সাবেক আইপিএল দল চেন্নাই সুপার কিংস। কাটার মাস্টারের ছবি দিয়ে তারা ক্যাপশনে লিখেছে, ‘কাটারের জাদুতে গুরুত্বপূর্ণ সেই উইকেটগুলো ক্রিকেটপ্রেমীদের স্মৃতি থেকে কখনো মুছে যাবে না! শুভ জন্মদিন, ফিজ!’
আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজের অভিষেক হয়েছিল পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ২০১৫ সালের ২৪ এপ্রিল। আর প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছিলেন তাকে নিয়ে বড় কিছু ভাবা যেতেই পারে।
পাকিস্তানের তারকা শহীদ আফ্রিদিকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম উইকেটের দেখা পান তিনি। এরপর শিকার করেন আরেক অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ হাফিজকেও।
চার ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট নিয়ে অভিষেক স্মরণীয় করে রাখেন। সেই ম্যাচে জিতেছিল বাংলাদেশই। সব মিলে দেশের হয়ে তিনি ১২৪টি ওয়ানডে, ১২৮টি টি-টোয়েন্টি ও ১৫টি টেস্ট খেলেছেন। টেস্টে তার শিকার ৩১টি। ওয়ানডেতে ১৯৩ এবং টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৬০ উইকেট!








