আশাশুনির মরিচ্চাপ ও বেতনা নদী খননেও ফেরেনি প্রাণ, জনমনে ক্ষোভ
আশাশুনি প্রতিনিধি: একসময় মরিচ্চাপ ও বেতনা নদী ছিল আশাশুনি অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্যসম্পদ ও নৌ-যোগাযোগের অন্যতম প্রধান অবলম্বন। নদী দুটিতে চলত নৌকা ও স্টিমার, জেলেদের জালে ধরা পড়ত নানা প্রজাতির মাছ। কিন্তু দখল, দূষণ ও পলি জমে নাব্যতা সংকটের কারণে নদী দুটি এখন অস্তিত্ব সংকটে।
নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে কয়েক বছর আগে খননকাজ করা হলেও কাক্সিক্ষত সুফল মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, পলি জমে নদীর মূল অংশ ভরাট হয়ে থাকলেও খনন করা হয়েছে ভাঙনকূল ঘেঁষে। ফলে পানিপ্রবাহ ও নাব্যতার দৃশ্যমান উন্নতি হয়নি। বরং বিভিন্ন স্থানে আবারও ভাঙন দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত খনন, অবৈধ দখল, দূষণ ও পুনরায় পলি জমার কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে কৃষি, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীভাঙন রোধে বারবার সংস্কারকাজ করতে গিয়ে সরকারের বিপুল অর্থ ব্যয় হচ্ছে বলেও তাঁরা জানান।
এ অবস্থায় আগের খননকাজের মান ও নদীর বর্তমান অবস্থা সরেজমিনে তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি অবৈধ দখল উচ্ছেদ, দূষণ রোধ এবং নদীর প্রকৃত গভীরতা ও প্রশস্ততা নিশ্চিত করে পরিকল্পিতভাবে পুনরায় খননের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
স্থানীয়দের মতে, মরিচ্চাপ ও বেতনা নদী শুধু জলধারা নয়, এ অঞ্চলের প্রকৃতি, অর্থনীতি ও জনজীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই কাগজে-কলমে উন্নয়ন নয়, নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে এনে বাস্তব সুফল নিশ্চিত করতে হবে।












