ঈদে ভিন্ন আমেজ: ধুলিহরে ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল, জয়ী আর্জেন্টিনা
নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহার আনন্দকে আরও একটু রঙিন ও প্রাণবন্ত করে তুলতে সাতক্ষীরায় আয়োজন করা হলো এক ব্যতিক্রমী ফুটবল ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল—ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নেমেছিলেন স্থানীয় ফুটবলপ্রেমীরা।
শুক্রবার (২৯ মে) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর ফুটবল মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। স্থানীয় সংগঠন ‘কোমরপুর যুব সংঘ’-এর আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ম্যাচটি উপভোগ করেন শত শত দর্শক।
আয়োজকেরা জানান, কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তরুণদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতেই এই ব্যতিক্রমী উদ্যোগ। খেলায় অংশ নেওয়া দুই দলের অধিকাংশ খেলোয়াড়ই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত। কর্মক্ষেত্র থেকে ছুটি নিয়ে ঈদের ছুটিতে বাড়ি এসেই তাঁরা এই খেলায় মেতে ওঠেন।
টানটান উত্তেজনাকর এই ম্যাচে আর্জেন্টিনার সমর্থকদের নেতৃত্ব দেন কোমরপুর গ্রামের কৃতি সন্তান ও নিউরো সার্জন ডা. হাসানুজ্জামান। দলটির ম্যানেজারের দায়িত্বে ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল হাফিজ আল আসাদ চঞ্চল। অন্যদিকে, ব্রাজিল সমর্থক দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন কোমরপুর যুব সংঘের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং ম্যানেজার ছিলেন ইসলামী ব্যাংক নাভারন শাখার সিনিয়র অফিসার জিল্লুর রহমান।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর মাঠের চিরবৈরী দুই দলের লড়াই জমে ওঠে দ্বিতীয়ার্ধে। ম্যাচের শেষভাগে আক্রমণ-পাল্টা আক্রমণের একপর্যায়ে ১-০ গোলে জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা সমর্থক দল। মাঠে রেফারির দায়িত্ব পালন করেন আনিস ও ফরহাদ।
খেলা শেষে কোমরপুর যুব সংঘের সভাপতি সাইফুল্লাহ সরদারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ-দুহা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মফিজুল ইসলাম ফাহিম, শিক্ষক আব্দুস সালাম, জাহাঙ্গীর কবির, ধুলিহর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রবিউল ইসলাম এবং এসআই জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলার মাঠে প্রিয় দলের জার্সি গায়ে প্রিয় মানুষদের এমন লড়াই ও সম্প্রীতির মেলবন্ধন পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। স্থানীয় দর্শকেরা জানান, হার-জিত বড় কথা নয়, ঈদের পর এমন আয়োজন তাঁদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।












