সমীকরণ মেলাতে পারেনি, আফগানদের দাপুটে জয়ে বাংলাদেশের বিদায়
জয়ের বিকল্প ছিল না, সঙ্গে মিলতে হতো কঠিন এক সমীকরণও। কিন্তু ব্যাট হাতে বাংলাদেশ গড়তে পারলো না লড়াইয়ের পুঁজি। বোলাররাও আটকে রাখতে পারলেন না আফগানিস্তানকে। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে তাই ফাইনালের স্বপ্ন পূরণ হয়নি তাওহীদ হৃদয়দের। ১৬০ রানে গুটিয়ে যাওয়ার পর আফগানদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ৭ উইকেটের বড় হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে।
আবু ধাবিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। লক্ষ্য ছিল বড় সংগ্রহ গড়ে আফগানিস্তানকে চাপে ফেলা। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবে রূপ পায়নি। ব্যাটিংয়ে ধস নামায় ১৬০ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।
ফাইনালে যাওয়ার সমীকরণও ছিল কঠিন। জবাবে আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকে রাখতে পারলে ফাইনালে খেলার সুযোগ পেতো বাংলাদেশ। সেই লক্ষ্য পূরণ তো দূরের কথা, আফগান ব্যাটারদের সামনে প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশের বোলাররা। ৩ উইকেট হারিয়ে ৩৫.৩ ওভারে জয় নিশ্চিত করেছে আফগান দল।
এই জয়ে ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় পেয়েছে তারা। ফাইনালে দলটির প্রতিপক্ষ জিম্বাবুয়ে।












