ঋণের দ্বিতীয় কিস্তি স্থগিত করেছে আইএমএফ
অনলাইন ডেস্ক: বাংলাদেশের চলমান ঋণ কর্মসূচির পরবর্তী কিস্তি জুন মাসে ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। রাজস্ব ও ব্যাংক খাতে সংস্কারের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংক-এর স্প্রিং মিটিংয়ে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধি দল এ তথ্য নিশ্চিত করেছে। চলমান ৫.৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় জুনে ১.৩ বিলিয়ন ডলারের কিস্তি ছাড় হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত করা হয়েছে।
বর্তমানে এই কর্মসূচির অধীনে বাংলাদেশ আরও ১.৮৬ বিলিয়ন ডলার পাওয়ার কথা রয়েছে, যার মেয়াদ আগামী জানুয়ারিতে শেষ হবে।
আইএমএফ জানিয়েছে, রাজস্ব সংস্কার, ব্যাংক খাতের সংস্কার, বিদ্যুৎ ও জ্বালানি ভর্তুকি কমানো এবং বাজারভিত্তিক বিনিময় হার চালুর মতো শর্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় তারা সন্তুষ্ট নয়। এসব বিষয়ে অগ্রগতি পর্যালোচনা না করা পর্যন্ত নতুন কিস্তি ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে সংস্থাটি।
প্রতিনিধি দলের একজন সদস্য জানান, এই পর্যালোচনায় আইএমএফ কিছুটা সময় নিতে পারে। ফলে সব শর্ত পূরণ হলেও সেপ্টেম্বরের আগে অর্থ ছাড় পাওয়ার সম্ভাবনা কম।
এদিকে, আইএমএফ বিদ্যমান কর্মসূচির পরিবর্তে নতুন শর্তে নতুন ঋণ কর্মসূচির বিষয়ে বেশি আগ্রহী বলেও জানা গেছে।
এছাড়া সম্প্রতি পাস হওয়া ব্যাংক রেজলিউশন আইনের ১৮এ ধারা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ। এই ধারায় রেজলিউশনের আওতায় থাকা ব্যাংকের সাবেক মালিকদের পুনরায় নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সুযোগ রাখা হয়েছে, যা নিয়ে সংস্থাটির আপত্তি রয়েছে।












