ওরা আমাদের অতিথি: ওদের হত্যা করবেন না

শীতের আগমনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খাল-বিল, নদী-নালা ও জলাশয়ে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি। সুদূর সাইবেরিয়া, হিমালয় ও উত্তরাঞ্চলের শীতপ্রধান এলাকা থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে এসব পাখি আমাদের দেশে আশ্রয় নেয়। প্রকৃতির এই অতিথিরা কোনো সীমান্ত চেনে না। অথচ তাদের নিরাপদ আশ্রয় দেওয়ার পরিবর্তে সাতক্ষীরা ও খুলনার পাইকগাছাসহ বিভিন্ন এলাকায় চলছে পাখি শিকারের নিষ্ঠুর তৎপরতা।
সাতক্ষীরা সদর ও আশপাশের বিল এবং পাইকগাছার বিস্তীর্ণ জলাশয়ে ফাঁদ, কারেন্ট জাল, এয়ারগান ও কৃত্রিম পাখি ব্যবহার করে শিকার করা হচ্ছে পরিযায়ী ও দেশীয় পাখি। পাখির ডাক রেকর্ড করে সাউন্ড বক্স বা মুঠোফোনে বাজিয়ে তাদের আকৃষ্ট করার অভিযোগও রয়েছে। এতে বক, পানকৌড়ি, ঘুঘু, বালিহাঁস, কালিম ও বুরিসহ বিভিন্ন প্রজাতির পাখি হুমকির মুখে পড়ছে।
সাতক্ষীরা শহরের উপকণ্ঠের রাজারবাগান, ডায়ের, মাছখোলা, হরিণখোলা, গোলপাতা, দাঁতভাঙা, গদাই ও খড়িবিলসহ বিভিন্ন জলাশয়ে পাখি শিকারের অভিযোগ পাওয়া যাচ্ছে। বাঁশের কাঠামো ও সূক্ষ্ম সুতার ফাঁদে জীবন্ত মাছ টোপ হিসেবে ব্যবহার করা হয়। মাছ খেতে আসা বক ও পানকৌড়ি এসব ফাঁদে আটকা পড়ে। স্থানীয় কৃষকদের ভাষ্য, শুধু রাজারবাগান বিলেই প্রতিদিন ২০ থেকে ৩০টি বক এ ধরনের ফাঁদে ধরা পড়ছে।
রাতের আঁধারে জলাশয়ে কারেন্ট জাল টাঙিয়ে এবং কৃত্রিম ডাক বাজিয়ে পাখি শিকারের ঘটনাও ঘটছে। খুলনার পাইকগাছার কচুবুনিয়া, বাসাখালী, বাইশারাবাদ, তেঁতুলতলা, লতা, হানিমুনকিয়া, বাহিরবুনিয়া, দেলুটি, সোলাদানা, চকবগুড়া, খড়িয়া, আমিরপুর, বাইনবাড়িয়া ও কুমখালী এলাকার ধানক্ষেত, খাল-বিল ও চিংড়িঘেরেও পাখি শিকারের অভিযোগ রয়েছে। কোথাও কোথাও বিষ মেশানো খাবার ব্যবহার করে পাখি নিধনের অভিযোগও পাওয়া গেছে।
পাখি শিকার শুধু হত্যার মধ্যেই সীমাবদ্ধ নেই, এর সঙ্গে গড়ে উঠেছে অবৈধ বেচাকেনার চক্র। অভিযোগ রয়েছে, রাতের আঁধারে শিকার করা পাখি ভোরে গোপনে বিক্রি করা হয়। মুঠোফোনে অর্ডার নিয়ে মোটরসাইকেলে ক্রেতার বাড়িতে পাখি পৌঁছে দেওয়ার ঘটনাও ঘটছে। ফলে শিকারিদের পাশাপাশি অবৈধ ক্রেতা ও মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া জরুরি।
পাখি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বক, পানকৌড়ি ও অন্যান্য জলচর পাখি ক্ষতিকর পোকামাকড়, শামুক ও ছোট জলজ প্রাণী খেয়ে খাদ্যশৃঙ্খল বজায় রাখতে সহায়তা করে। নির্বিচারে পাখি নিধনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি কৃষি ও জলজ জীববৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হতে পারে। পাখির সংখ্যা কমে গেলে ক্ষতিকর পোকামাকড়ের বিস্তার বাড়ার আশঙ্কা রয়েছে, যা কৃষকদের রাসায়নিক কীটনাশকের ওপর নির্ভরতা বাড়াতে পারে।
পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণে দেশে আইন রয়েছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী সংরক্ষিত পাখি শিকার, হত্যা, আটক, ক্রয়-বিক্রয় ও পরিবহন দণ্ডনীয় অপরাধ। তবে আইনের প্রয়োগ নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও কার্যকর নজরদারি প্রয়োজন।
তালা উপজেলা ওয়াইল্ডলাইফ মিশনের সভাপতি জুলফিকার রায়হান জানিয়েছেন, সচেতনতামূলক কার্যক্রম ও অভিযানের মাধ্যমে কিছু এয়ারগান ও ফাঁদ উদ্ধার করা হলেও বন বিভাগের জনবল সংকটের কারণে কার্যকর ভূমিকা রাখা কঠিন হয়ে পড়ছে। তিনি বিশেষ সাউন্ড বক্স ও কারেন্ট জালের ব্যবহার বন্ধে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা পাখি শিকার ও গোপনে বিক্রি বন্ধে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। তিনি এলাকাভিত্তিক প্রতিরোধ সেল গঠন, রাতে পুলিশ ও জনপ্রতিনিধিদের মাধ্যমে নজরদারি, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং গ্রামপুলিশ ও আনসারের সহযোগিতায় পর্যবেক্ষণ জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন জানিয়েছেন, পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে দ্রুত অভিযান চালিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীও জানিয়েছেন, সুনির্দিষ্ট তথ্য পেলে পাখি শিকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং বিলে বিলে অভিযান অব্যাহত রয়েছে।
তবে শুধু প্রশাসনিক অভিযান দিয়ে এ অপরাধ পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। এজন্য স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। ঘেরমালিক, কৃষক, জেলে, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সচেতন নাগরিকদের পাখি রক্ষায় এগিয়ে আসতে হবে। কোথাও ফাঁদ বা জাল দেখা গেলে প্রশাসনকে জানাতে হবে। একই সঙ্গে পাখির মাংস কেনাবেচা ও ভক্ষণ থেকে বিরত থাকতে হবে।
প্রকৃতি ও মানুষ একে অপরের পরিপূরক। সুদূর সাইবেরিয়া ও হিমালয় থেকে আসা পাখিরা আমাদের শত্রু নয়, তারা প্রকৃতির অতিথি। তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। পাখি রক্ষা মানে শুধু প্রকৃতির সৌন্দর্য রক্ষা নয়, আমাদের পরিবেশ, কৃষি ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষাও নিশ্চিত করা।
আসুন, বিলে বিলে পাখি শিকারের ফাঁদ ও এয়ারগানের নিষ্ঠুরতা বন্ধে সবাই এগিয়ে আসি। আমাদের আকাশ ও জলাশয় ফিরে পাক পাখির নিরাপদ বিচরণ।
লেখক: বার্তা সম্পাদক, দৈনিক পত্রদূত এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরা।












