শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক নারী মানবাধিকার রক্ষাকর্মী দিবস: চাই ঐক্য, নিরাপত্তা ও ন্যায়বিচার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ
আন্তর্জাতিক নারী মানবাধিকার রক্ষাকর্মী দিবস: চাই ঐক্য, নিরাপত্তা ও ন্যায়বিচার

সাকিবুর রহমান বাবলা

নারীর অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যাঁরা নির্ভীকভাবে কাজ করছেন, তাঁদের অবদান, সাহস ও আত্মত্যাগের স্বীকৃতি এবং নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান নিয়ে প্রতিবছর ২৯ নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক নারী মানবাধিকার রক্ষাকর্মী দিবস। ২০০৫ সালের ২৯ নভেম্বর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত নারী মানবাধিকার রক্ষকদের প্রথম আন্তর্জাতিক পরামর্শ সভা থেকে দিবসটির সূচনা হয়। ২০০৬ সাল থেকে বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠন ও অধিকারকর্মীরা দিনটি পালন করে আসছেন। আন্তর্জাতিক নাগরিক সমাজ ও নারী মানবাধিকার রক্ষকদের সম্মিলিত আন্দোলনের ফসল এই দিবস।

নারী মানবাধিকার রক্ষক বলতে শুধু নারীর অধিকার নিয়ে কাজ করা নারীদের বোঝায় না। যেকোনো মানবাধিকার প্রতিষ্ঠায় নিয়োজিত নারী এবং নারী ও কন্যাশিশুর অধিকার ও লৈঙ্গিক সমতা প্রতিষ্ঠায় কাজ করা যেকোনো লিঙ্গের মানুষই এই পরিচয়ের অন্তর্ভুক্ত। তাঁরা বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা, যৌন হয়রানি, মানব পাচার, ধর্ষণ ও বৈষম্য প্রতিরোধের পাশাপাশি শ্রমিকের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, পরিবেশ সংরক্ষণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অথচ মানবাধিকার রক্ষার কাজের পাশাপাশি নারী হওয়ার কারণে তাঁদের সামাজিক অবজ্ঞা, লিঙ্গভিত্তিক সহিংসতা, হুমকি, চরিত্রহনন এবং অনলাইন ও অফলাইন হয়রানির শিকার হতে হয়।

এ বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ৬৮/১৮১ নম্বর ঐতিহাসিক প্রস্তাব গ্রহণ করে। প্রস্তাবটির ২৮টি কার্যকরী ধারায় নারী মানবাধিকার রক্ষকদের কাজের বৈধতা ও গুরুত্ব স্বীকার, বৈষম্য ও সহিংসতা প্রতিরোধ, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত, নির্বিচার গ্রেপ্তার ও হয়রানি বন্ধ এবং নিরপেক্ষ তদন্তের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা, দায়মুক্তির অবসান, সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ, সংঘাতপূর্ণ পরিবেশে নিরাপত্তা, পরিবার ও সন্তানদের সুরক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা, আইনি ও মনোসামাজিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। নারী মানবাধিকার রক্ষকদের নির্যাতনের ঘটনা যথাযথভাবে নথিবদ্ধ করার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।

২০২৬ সালে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘের ১৬ দিনব্যাপী প্রচারাভিযানের প্রতিপাদ্যেও নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়া, ন্যায়বিচার নিশ্চিত করা, ভুক্তভোগীদের সুরক্ষা এবং দায়মুক্তির সংস্কৃতি বন্ধের আহ্বান জানানো হয়েছে।

ইউএন ওমেনের জরিপে অংশগ্রহণকারী নারী মানবাধিকার রক্ষাকর্মী, অধিকারকর্মী ও সাংবাদিকদের প্রতি ১০ জনের সাতজন জানিয়েছেন, পেশাগত কাজের কারণে তাঁরা অনলাইন সহিংসতার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে চারজন জানিয়েছেন, অনলাইন সহিংসতার সঙ্গে সম্পর্কিত ক্ষতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বাস্তব জীবনেও। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে ৮১৩ জন নারী মানবাধিকার রক্ষাকর্মী, সাংবাদিক ও ট্রেড ইউনিয়ন নেতাকর্মী নিহত অথবা জোরপূর্বক গুমের শিকার হয়েছেন। এই পরিস্থিতিতে ইউএন ওমেন অনলাইন ও অফলাইন নিরাপত্তা, অপরাধীদের জবাবদিহি, সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ অংশগ্রহণ এবং অধিকারভিত্তিক সংগঠনগুলোর জন্য দীর্ঘমেয়াদি ও নমনীয় অর্থায়নের ওপর গুরুত্ব দিয়েছে।

বাংলাদেশেও নারী মানবাধিকার রক্ষাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবিধানের ২৭ অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা এবং ২৮ অনুচ্ছেদে নারী-পুরুষের সমান অধিকার ও বৈষম্যহীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। বাংলাদেশ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (সিডো), শিশু অধিকার সনদ ও নির্যাতনবিরোধী সনদসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তিতে অঙ্গীকারবদ্ধ। তবে সিডো সনদের ২ ও ১৬(১)(গ) ধারায় বাংলাদেশের সংরক্ষণ রয়েছে।

আইনগত কাঠামো থাকা সত্ত্বেও বিচারহীনতা, গণপিটুনি, সাইবার হয়রানি, সংখ্যালঘুদের ওপর হামলা এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা এখনো বড় চ্যালেঞ্জ। নারী অধিকারকর্মীরা পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ, যৌতুক, শ্রমজীবী নারীর ন্যায্য মজুরি এবং আদিবাসী ও সংখ্যালঘু নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন। এ কাজ করতে গিয়ে তাঁদের সামাজিক প্রতিক্রিয়া, অনলাইন হুমকি ও আইনি হয়রানির মুখোমুখি হওয়ার অভিযোগও রয়েছে। নারী মানবাধিকার রক্ষাকর্মীদের সুরক্ষায় পৃথক আইন না থাকায় বিদ্যমান আইন ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষেত্রেও ২০২৫ ও ২০২৬ সালে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। ২০২৫ সালের অধ্যাদেশের পর ২০২৬ সালের এপ্রিলে ২০০৯ সালের আইন পুনঃপ্রচলিত হয় এবং সেপ্টেম্বরে নতুন জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬ প্রণীত হয়। কমিশনের স্বাধীনতা, কার্যকারিতা ও জবাবদিহি নিশ্চিত করা নারীসহ সব মানবাধিকার রক্ষাকর্মীর নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার জন্য জরুরি।

বিশ্বজুড়ে মালালা ইউসুফজাই মেয়েদের শিক্ষার অধিকার, শিরিন এবাদি নারী ও শিশুর আইনি অধিকার এবং এলেনর রুজভেল্ট সর্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠায় স্মরণীয় ভূমিকা রেখেছেন। বাংলাদেশে সুলতানা কামাল, আইরিন খান, খুশী কবির ও শিরীন হক নারী ও মানবাধিকার আন্দোলনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

১৯৪৫ সালের সান ফ্রান্সিসকো সম্মেলনে জাতিসংঘ সনদ প্রণয়নের সময় ব্রাজিলের বার্থা লুৎজ, ডোমিনিকান প্রজাতন্ত্রের মিনার্ভা বার্নার্ডিনো, চীনের উ ই-ফাং ও যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া গিল্ডারস্লিভসহ চার নারী প্রতিনিধি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে বার্থা লুৎজ ও মিনার্ভা বার্নার্ডিনোর প্রচেষ্টায় জাতিসংঘ সনদের প্রস্তাবনায় নারী-পুরুষের সমান অধিকারের স্বীকৃতি এবং ৮ নম্বর অনুচ্ছেদে জাতিসংঘের সব অঙ্গসংগঠনে সমান শর্তে অংশগ্রহণের অধিকার অন্তর্ভুক্ত হয়। তাঁদের প্রচেষ্টার ধারাবাহিকতায় ১৯৪৬ সালে নারীর মর্যাদাবিষয়ক কমিশন প্রতিষ্ঠার পথও সুগম হয়।

নারী মানবাধিকার রক্ষাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু তাঁদের ব্যক্তিগত অধিকার রক্ষার বিষয় নয়; এটি গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। তাঁদের কণ্ঠ রুদ্ধ হলে সমাজে বৈষম্য ও অন্যায়ের বিস্তার ঘটে। তাই রাষ্ট্র, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে তাঁদের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

মনে রাখতে হবে, নারী মানবাধিকার রক্ষাকর্মীদের ওপর হামলা সামগ্রিক অগ্রগতির ওপরই আঘাত। তাঁদের সুরক্ষা নিশ্চিত করা মানে সবার অধিকার, মর্যাদা ও সম্মিলিত ভবিষ্যৎ সুরক্ষিত করা। তাই আন্তর্জাতিক নারী মানবাধিকার রক্ষাকর্মী দিবসের প্রত্যাশা হোক—ঐক্য, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে অধিকার রক্ষার জন্য কাউকে ভয় ও নির্যাতনের মুখোমুখি হতে হবে না।

Ads small one

ধুলিহর ইউপি নির্বাচন ঘিরে আলোচনায় ৪ সম্ভাব্য প্রার্থী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ২:১৮ পূর্বাহ্ণ
ধুলিহর ইউপি নির্বাচন ঘিরে আলোচনায় ৪ সম্ভাব্য প্রার্থী

জামায়াতের একজন, বিএনপির তিনজন; জলাবদ্ধতা ও কৃষি সমস্যা ভোটারদের প্রধান ইস্যু

জি এম আমিনুল হক:

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে জমে উঠেছে রাজনৈতিক আলোচনা ও নির্বাচনী প্রচারণা। চায়ের দোকান, হাটবাজার, পাড়া-মহল্লা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই এখন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। জামায়াতের একক সম্ভাব্য প্রার্থীর বিপরীতে বিএনপির তিনজনের নাম আলোচনায় থাকায় শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা দ্বিমুখী রূপ নিতে পারে বলে ধারণা করছেন স্থানীয় ভোটাররা।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি ২০২৭ প্রথম ধাপে ধুলিহর ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ পর্যন্ত চেয়ারম্যান পদে অন্তত চারজন সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় এসেছে। তাঁরা হলেন জামায়াত নেতা ও সাবেক চেয়ারম্যান মাওলানা আশরাফুজ্জামান খোকন, সাতক্ষীরা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাকদীর আহসান রুবেল, ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন মিঠু এবং সাবেক একাধিকবারের ইউপি সদস্য শামীম রেজা চৌধুরী। এ ছাড়া বর্তমান ও সাবেক কয়েকজন চেয়ারম্যানও নির্বাচনে অংশ নিতে পারেন বলে আলোচনা রয়েছে।

ইউনিয়নের নয়টি ওয়ার্ডে চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সমর্থন পেতে গণসংযোগ শুরু করেছেন। পোস্টার, ব্যানার, মোটরসাইকেল শোভাযাত্রা, হাটবাজারে প্রচারণা, উঠান বৈঠক ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চলছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে ভোটারদের কাছে নিজেদের পরিচিতি তুলে ধরছেন প্রার্থীরা।

স্থানীয়দের আলোচনায় মাওলানা আশরাফুজ্জামান খোকন ও তাকদীর আহসান রুবেলের নাম এগিয়ে থাকলেও শামীম রেজা চৌধুরীর সঙ্গে জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনাও দেখছেন অনেকে। দলীয়ভাবে আগেই প্রার্থী নির্ধারণ করায় জামায়াত তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক কর্মীরা। অন্যদিকে বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী থাকায় দলীয় সমর্থন চূড়ান্ত করতে বিলম্ব হলে নির্বাচনী হিসাব-নিকাশে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন দলের তৃণমূলের নেতাকর্মীরা।

প্রার্থীদের বক্তব্যে জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট সংস্কার, কৃষি উৎপাদন বৃদ্ধি, সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা এবং মাদক ও জুয়া প্রতিরোধের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। বেতনা নদীর তীরঘেঁষা কৃষিপ্রধান এ ইউনিয়নে গত পাঁচ থেকে সাত বছর ধরে জলাবদ্ধতার কারণে বিস্তীর্ণ কৃষিজমি অনাবাদি পড়ে রয়েছে। অনেক এলাকায় বছরে একটির বেশি ফসল উৎপাদন সম্ভব হচ্ছে না। জলাবদ্ধতায় বসতবাড়ি, গোয়ালঘর ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ইউনিয়নের অধিকাংশ সড়কও বেহাল অবস্থায় রয়েছে। সম্প্রতি বেতনা নদী পুনঃখননের পর কয়েকটি এলাকায় আমন ধানের আবাদ হওয়ায় কৃষকদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছে।

তরুণ ভোটার ইমরান হোসেন বলেন, তিনি মাদক ও জুয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি ইউনিয়নবাসীকে নিরবচ্ছিন্ন সেবা দিতে পারবেন—এমন প্রার্থীকে ভোট দিতে চান। আরেক ভোটার আবু সাঈদ বলেন, তাঁরা শিক্ষিত, মার্জিত ও জনবান্ধব চেয়ারম্যান চান, যিনি গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, সবার জন্য সমানভাবে কাজ করবেন এবং মাদক ও জুয়ার বিস্তার রোধে উদ্যোগ নেবেন।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রহল্লাদ রায় জানান, ধুলিহর ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ২৫৪ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ৩২৩ ও নারী ১০ হাজার ৯৩১ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে ও পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। স্থানীয়ভাবে ভোটের অন্তত ছয় সপ্তাহ আগে তফসিল ঘোষণা করা হবে। দলীয় ঐক্য ধরে রাখতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের একক প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্দলীয় হলেও মাঠপর্যায়ে দলীয় সমর্থন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জামায়াত অনেক ইউনিয়নে একক প্রার্থী নির্ধারণ করতে পারলেও বিএনপির একাধিক নেতার চেয়ারম্যান পদে সমর্থন পাওয়ার আগ্রহ দলটির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ধুলিহরেও শেষ পর্যন্ত বিএনপির একক প্রার্থী কে হবেন, তার ওপর নির্বাচনী লড়াইয়ের গতিপ্রকৃতি অনেকটাই নির্ভর করছে। সব মিলিয়ে জলাবদ্ধতা, কৃষি, যোগাযোগব্যবস্থা ও জনসেবার প্রতিশ্রুতিকে সামনে রেখে ধুলিহরে নির্বাচনী উত্তাপ বাড়ছে।

খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯ ডিসেম্বর

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ২:০৮ পূর্বাহ্ণ
খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯ ডিসেম্বর

খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৭-এর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর ২০২৬, বৃহস্পতিবার ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (২৮ নভেম্বর) ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম। এতে ক্লাবের ৮৯ জন স্থায়ী সদস্য উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটি গঠন, নির্বাচনের সময়সূচি চূড়ান্ত ও অডিটর নিয়োগ করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় খসড়া ভোটার তালিকা, ৪ ডিসেম্বর বিকেল ৪টায় সংশোধিত ভোটার তালিকা এবং ৫ ডিসেম্বর রাত ৮টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৬ ও ৭ ডিসেম্বর সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৯ ডিসেম্বর বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।

১০ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ১১ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণ এবং একই দিন সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত শুনানি ও নিষ্পত্তি করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ ডিসেম্বর বিকেল ৫টায়।

এ ছাড়া ২৮ ডিসেম্বর বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। পরদিন ২৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। প্রেসবিজ্ঞপ্তি

যশোরে কৃষক সংগ্রাম সমিতির ২৩ সদস্যের জেলা কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ২:০৩ পূর্বাহ্ণ
যশোরে কৃষক সংগ্রাম সমিতির ২৩ সদস্যের জেলা কমিটি গঠন

সভাপতি সোহরাব উদ্দিন মাস্টার, সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জগন্নাথ বিশ্বাস

যশোর প্রতিনিধি: কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলা শাখার ১৩তম জেলা সম্মেলনে সর্বসম্মতিক্রমে সোহরাব উদ্দিন মাস্টারকে সভাপতি, হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) যশোর টাউন হলে অনুষ্ঠিত সম্মেলনে কৃষক ও কৃষি উৎপাদন রক্ষায় সার, বীজ, কীটনাশক ও সেচের বিদ্যুৎ-ডিজেল বিনামূল্যে সরবরাহ এবং অন্যান্য কৃষি উপকরণে পর্যাপ্ত ভর্তুকি দিয়ে উৎপাদন খরচ কমানোর দাবি জানানো হয়।

সম্মেলনে বক্তারা বলেন, চলতি বছর আলু, পেঁয়াজ, ধান, চামড়া ও পাটের ন্যায্যমূল্য থেকে কৃষক বঞ্চিত হয়েছেন। অন্যদিকে ভূমিহীন, দরিদ্র কৃষক, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষকে উচ্চমূল্যে কৃষিপণ্য কিনতে হচ্ছে। কৃষিপণ্যের বাজারে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান, ভূমিহীন ও দরিদ্র কৃষকদের মধ্যে খাসজমি বিতরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমজীবী ও ভূমিহীন কৃষকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়। কৃষি, শিল্প ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আশঙ্কা তুলে ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলেরও দাবি জানান বক্তারা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান কবির। জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব উদ্দিন মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বি এম শামীমুল হক, ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফারুক ও নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট আহাদ আলী লস্কর ও সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের জেলা সভাপতি শাহরিয়ার আমির, গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী সেজুতি শাকিলা, জাতীয় ছাত্রদলের জেলা যুগ্ম আহ্বায়ক মধুমঙ্গল বিশ্বাস এবং যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন।

জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সম্মেলনে লিখিত রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনের ওপর আলোচনা করেন জেলা সহ-সভাপতি সোহরাব উদ্দিন মাস্টার, যুগ্ম সম্পাদক কামরুল হক লিকু, সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, জেলা দপ্তর সম্পাদক জাকির হোসেন মাস্টারসহ বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের নেতারা।

সম্মেলনের শুরুতে সকাল সাড়ে ১১টায় শাহজাহান কবির দলীয় পতাকা এবং আশুতোষ বিশ্বাস জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বেলা সাড়ে ১২টায় শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান কবির। পুরো কর্মসূচি পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।