শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

কপিলমুনিতে বিশ^কর্মা পূজা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
কপিলমুনিতে বিশ^কর্মা পূজা অনুষ্ঠিত

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: কপিলমুনিতে প্রতি বছরের ন্যায় সাড়ম্বম্বে শ্রী শ্রী বিশ^কর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে।

 

কপিলমুনি স্বর্ণ সমিতি কার্যালয়ে, বিভিন্ন জুয়েলার্সের দোকানে, জুয়েলার্স ব্যবসায়ীদের বাড়ীতে, টেইলার্সে, সাইকেলের দোকানে, কাপড় পট্টিতে, স মিল, ও রাইসমিল ও কর্মকারদের বাড়ীতে এ পূজা শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত হয়।

 

ঢাক ঢোল, শঙ্খ বাজিয়ে ও উলু ধ্বণি দিয়ে পূজা শুরু করা হয়। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Ads small one

বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি

মানবতার নিঃশব্দ পদচারণা:

নিকোলাস বিশ্বাস

সীমানা, ভৌগোলিক দূরত্ব ও ধর্মীয় পরিচয়ের সংকীর্ণ গন্ডি অতিক্রম করে নিঃস্বার্থ মানবসেবায় নিজেদের জীবন উৎসর্গ করার ইতিহাস এ পৃথিবীতে বিরল নয়, তবে স্বাধীন বাংলাদেশে ইতালীয় মিশনারিদের দীর্ঘ কয়েক দশকের নীরব ত্যাগ ও আত্মনিবেদন সেই ইতিহাসকে এক অনন্য ও মহিমান্বিত উচ্চতায় উন্নীত করেছে। দক্ষিণবঙ্গের ঝোড়ো উপকূলীয় অঞ্চলের কুষ্ঠ ও যক্ষ্মারোগী থেকে শুরু করে উত্তরবঙ্গের সমতলের সাঁওতাল সম্প্রদায় কিংবা পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি উপত্যকার সুবিধাবঞ্চিত শিশু-এদেশের অবহেলিত, চরম শোষিত ও প্রান্তিক মানুষের পাশে এই ইতালীয় ধর্মযাজক ও সন্ন্যাসিনীরা দাঁড়িয়েছেন পরম মমতায় ও পরম অভিভাবকত্বে। সম্প্রতি ইতালীয় প্রজাতন্ত্রের মহামান্য প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা কর্তৃক দুই নিবেদিতপ্রাণ ইতালীয় মিশনারি- সিস্টার রবার্টা পিনিওনে এবং ফাদার পিয়েত্রো লুইজি লুপি -কে ইতালির অন্যতম সর্বোচ্চ রাষ্ট্রীয় নাইট সম্মাননা’ (অর্ডার অব দ্য স্টার অব ইতালি) -তে ভূষিত করা কেবল তাঁদের ব্যক্তিসত্তার অনন্য মূল্যায়ন নয়; বরং এটি বাংলাদেশে তাঁদের যুগের পর যুগ ধরে চলা পালকীয়, চিকিৎসাসেবা ও আর্থ-সামাজিক উন্নয়নের প্রতি এক ঐতিহাসিক স্বীকৃতি। এ স্বীকৃতি ক্যাথলিক মন্ডলীর সেবাকে নতুন মর্যাদায় অধিষ্ঠিত করেছে এবং বাংলাদেশে বসবাসরত সমগ্র ইতালীয় সম্প্রদায়ের জন্য বয়ে এনেছে এক অনন্য গৌরব। এটি ইতালির একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা। বিদেশে ইতালির ভাবমূর্তি উজ্জ্বল করা এবং অন্য দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের এই ‘নাইট’ উপাধি দেওয়া হয়।

স্বাস্থ্যখাতে, বিশেষ করে দক্ষিণ বাংলাদেশের অবহেলিত চিকিৎসা ব্যবস্থায় সিস্টার রবার্টা পিনিওনের অবদান এক মহাকাব্যিক ও অবিশ্বাস্য দৃষ্টান্ত। ‘মিশনারি সিস্টার্স অব দি ইমাকুলেট’ (বাংলাদেশে এরা পিমে সিস্টার্স নামে পরিচিত) ক্যাথলিক সন্ন্যাসিনী সংঘের এই উৎসর্গীকৃতপ্রাণ পেশায় একজন দক্ষ চিকিৎসক। তিনি মূলত দক্ষিণবঙ্গের উপকূলীয়, দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর চিকিৎসাসেবায় নিজেকে পুরোপুরি বিলিয়ে দিয়েছেন। খুলনা ধর্মপ্রদেশের অন্তর্গত ঐতিহাসিক ড্যামিয়েন হাসপাতালের প্রকল্প পরিচালক এবং একমাত্র সার্বক্ষণিক চিকিৎসক হিসেবে সিস্টার রবার্টা পিনিওন দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে চলেছেন। উল্লেখ্য যে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কুষ্ঠ, যক্ষ্মা এবং এইচআইভি/এইডস আক্রান্ত চরম সামাজিক অবহেলা ও বৈষম্যের শিকার রোগীদের জন্য এই ড্যামিয়েন হাসপাতালটিই হলো একমাত্র বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র। সিস্টার রবার্টা এখানে ৩৩ শয্যার মূল হাসপাতালটি দক্ষতার সাথে পরিচালনার পাশাপাশি আরো ৩টি গ্রামীণ ক্লিনিক এবং ১৫টি যক্ষ্মা নিয়ন্ত্রণ কেন্দ্র তদারকি করেন। শুধু হাসপাতালের চার দেয়ালের মধ্যে নিজের সেবাকে সীমাবদ্ধ না রেখে, তিনি খুলনার ভয়াবহ ঘনবসতিপূর্ণ বস্তি এলাকাগুলোতে এবং অত্যন্ত দরিদ্র পরিবারগুলোর দরজায় দরজায় ঘুরে প্রাথমিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও বিনামূল্যে মানসম্মত ওষুধ বিতরণের কাজ চালিয়ে যাচ্ছেন। সমাজে কুষ্ঠ ও যক্ষ্মা আক্রান্ত রোগীরা যেন সামাজিক কুসংস্কার, ছোঁয়াচে ভয় ও বৈষম্যের শিকার হয়ে পরিবারচ্যুত না হন, সেই লক্ষ্যে তাঁর নিরলস মানসিক ও সামাজিক সংগ্রাম চিকিৎসা খাতকে অতিক্রম করে এক মানবিক ও রূপান্তরকামী আন্দোলনে উন্নীত হয়েছে।

অন্যদিকে, শিক্ষা বিস্তার, সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠায় ফাদার পিয়েত্রো লুইজি লুপি (যাঁকে এদেশের মানুষ ভালোবেসে ফাদার লুপি নামে ডাকেন) এক নীরব অথচ গভীর সামাজিক বিপ্লব ঘটিয়ে চলেছেন। ইতালীয় ক্যাথলিক সংঘ ‘জ্যভেরিয়ান ফাদার্স’ -এর সম্মানিত পুরোহিত এবং বাংলাদেশে এই সংঘের সাবেক আঞ্চলিক সুপিরিয়র হিসেবে তিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। এদেশের দরিদ্র, অসহায় ও জাতিগত সংখ্যালঘু মানুষের অধিকার প্রতিষ্ঠা ও তাঁদের শিক্ষার আলোয় আলোকিত করতে তাঁর অবদান চিরস্মরণীয়। বিশেষ করে সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের চরম অবহেলিত ও প্রান্তিক ‘দলিত’ সম্প্রদায়ের আর্থ-সামাজিক রূপান্তরে ফাদার লুপির দূরদর্শী ভূমিকা অসাধারণ। তাঁর নিরবচ্ছিন্ন উৎসাহ, দিকনির্দেশনা ও প্রত্যক্ষ সহায়তায় স্থানীয় দলিত যুবকরা উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পেয়েছেন এবং নিজেদের আইনি ও সামাজিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ‘দলিত’ নামক শক্তিশালী এনজিও গড়ে তুলতে সক্ষম হয়েছেন। কেবল গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীই নয়, ঢাকার তেজগাঁও রেলস্টেশন সংলগ্ন নোংরা ও বিপজ্জনক বস্তি এলাকার ছিন্নমূল শিশুরা যেন কঠোর শিশুশ্রম ও অপরাধের অন্ধকার জগতে না হারিয়ে শিক্ষার আলো পায়, তার জন্য তিনি সমন্বিত স্কুল ও ডে-কেয়ার সেন্টার পরিচালনা করেছেন। পাশাপাশি বান্দরবানের লামার মতো দুর্গম পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের শিক্ষাদানে তিনি নিজেকে যুক্ত রেখেছেন। সাম্প্রতিক বছরগুলোতে কক্সবাজারে আশ্রয় নেওয়া অমানবিক পরিস্থিতির শিকার রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য, স্বাস্থ্য ও মানবিক সহায়তা সুনিশ্চিত করতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাঁদের আর্তপীড়িত কণ্ঠস্বর তুলে ধরতেও ফাদার লুপি নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্যেও তিনি আর্থিক সহায়তা প্রদান করেন।

বাংলাদেশে ইতালীয় মিশনারিদের এই নিঃস্বার্থ সেবা এবং প্রেমের ইতিহাস কেবল সাম্প্রতিক দশকগুলোর ঘটনাবলী নয়; এর রক্তের ও আত্মার শক্ত শেকড় প্রোথিত রয়েছে আমাদের ১৯৭১ সালের গৌরবময় মহান মুক্তিযুদ্ধে। পাকিস্তানি বাহিনীর পাশবিক বর্বরতা ও গণহত্যার মুখে জ্যভেরিয়ান এবং পিমে মিশনসমূহ -এর ইতালীয় পুরোহিতগণ নিজেদের গির্জা, মিশন ও আশ্রয়কেন্দ্রগুলোকে চরম প্রাণভয় উপেক্ষা করে এলাকার ভীত-সন্ত্র্যস্থ আপামর জনসাধারণের জন্য নিরাপদ আশ্রয়স্থানে পরিণত করেছিলেন। তাঁরা স্বাধীনতাকামী মানুষের পাশে পরম বন্ধুর মতো দাঁড়িয়েছিলেন। বিশেষভাবে ফাদার মারিনো রিগন আমাদের বানিয়ারচর ধর্মপল্লীতে আহত মুক্তিযোদ্ধাদের গোপন আশ্রয়ে রেখে চিকিৎসা দিয়েছেন ও নিরাপত্তা নিশ্চিৎ করেছেন। এই বীরত্বপূর্ণ মানবিক অবদান ও অকৃত্রিম বন্ধুত্বের ঐতিহাসিক স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে বাংলাদেশ সরকার জ্যভেরিয়ান মিশনারি ফাদার মারিনো রিগনকে আনুষ্ঠানিকভাবে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে।

ফাদার মারিনো রিগন ছিলেন এদেশের ইতালীয় মিশনারিদের মধ্যে এক উজ্জ্বলতম নক্ষত্র। দীর্ঘ ৬০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে অবস্থান করে তিনি শিক্ষা বিস্তার ও মানবসেবার পাশাপাশি বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে ভালোবেসেছিলেন আপন হৃদয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি জসীমউদ্দীনের বিখ্যাত সাহিত্যকর্ম ইতালি ভাষায় অনুবাদ করে তিনি বিশ্ব দরবারে বাঙলা সাহিত্যকে নতুন করে তুলে ধরেছিলেন। এ অসামান্য অবদানের জন্য ২০০৯ সালে বাংলাদেশ সরকার তাঁকে অনন্য সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে। ২০১৭ সালে তিনি ইতালিতে মৃত্যুবরণ করলেও, তাঁর শেষ ইচ্ছা ছিল এই প্রিয় বাংলার মাটিতেই শায়িত হওয়ার। সেই আকুল ইচ্ছাকে সম্মান জানিয়ে ২০১৮ সালে বাংলাদেশ সরকারের বিশেষ ও ঐতিহাসিক উদ্যোগে তাঁর মরদেহ ইতালির রোম থেকে মোংলার শেলাবুনিয়া গ্রামে নিয়ে আসা হয়। সেখানে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে এবং সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হয়।

এ ছাড়া উত্তরাঞ্চলের সাঁওতাল ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন, ভূমি অধিকার ও শিক্ষার প্রসারে ফাদার পাওলো চিচেরি সহ বহু ইতালীয় পিমে মিশনারির ঐতিহাসিক ভূমিকা স্থানীয় প্রশাসন ও জাতীয় পর্যায়ে সবসময় ভূয়সী প্রশংসা লাভ করেছে। এই মহান ত্যাগের বার্তা শুধু সেবার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মূলত ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মেলবন্ধনের এক পরম শিক্ষা। বাংলাদেশের প্রথম কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি যথার্থই মন্তব্য করেছেন যে, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক অনাস্থা ও ভুল ধারণা দূর করতে খ্রিস্টানদের সম্প্রীতির সেতু হিসেবে কাজ করা অপরিহার্য। আন্তধর্মীয় সংলাপ ও প্রত্যক্ষ ভালোবাসার মাধ্যমে গড়ে ওঠা এই মানবিক সম্পর্কই সমাজকে সুন্দর ও শান্তিময় করে তুলতে পারে।

বর্তমানে বিশ্বজুড়ে যখন বৈশ্বিক মেরুকরণ, অর্থনৈতিক স্বার্থপরতা ও বর্ণবাদী অসহিষ্ণুতা বিস্তার লাভ করছে, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে এই ইতালীয় মিশনারিদের আত্মত্যাগী জীবন আমাদের নতুন করে শেখায় যে- প্রকৃত মানবধর্ম কোনো ভৌগোলিক সীমানা, জাতীয়তা বা প্রাতিষ্ঠানিক পরিচয়ে সীমাবদ্ধ থাকে না। সিস্টার রবার্টা ও ফাদার লুপির মতো দূরদর্শী সাধকেরা এদেশের স্বাস্থ্য ও সামাজিক রূপান্তর সূচকে যে নীরব অবদান রেখে চলছেন, তা বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্কের মূল শক্তিস্বরূপ। এ সম্পর্ক কেবল ব্যবসা-বাণিজ্য বা রাজনীতির ওপর ভিত্তি করে গঠিত নয়, বরং এটি গঠিত হয়েছে রক্তের, মমতার ও নিঃস্বার্থ ভালোবাসার এক ইস্পাতকঠিন ভিতের ওপর। বাংলাদেশের এই নিভৃত আলো ছড়ানো বিদেশি বন্ধুদের প্রতি রাষ্ট্র, সমাজ ও এদেশের প্রতিটি সচেতন নাগরিকের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানানো আমাদের নৈতিক দায়িত্ব।

নিকোলাস বিশ্বাস একজন মিডিয়া ফ্রিল্যান্সার এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল মিডিয়া অ্যাওয়ার্ডপ্রাপ্ত লেখক

জবেহ ও কুরবানীর নামে মরা গরু খাচ্ছেন না তো?

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
জবেহ ও কুরবানীর নামে মরা গরু খাচ্ছেন না তো?

কামারুজ্জামান

“তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, প্রবাহিত রক্ত, শূকরের গোস্ত এবং যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবেহ করা হয়েছে”Ñ সূরা মায়েদা, আয়াত নং ৩। একই ধারাবাহিকতা বজায় রেখে একই কথা বলা হয়েছে সূরা বাক্বারার ১৭৩, আনয়া’মের ১৪৫ ও নাহালের ১১৫ নং আয়াতে। অর্থাৎ একই কথা আল্লাহ কুরআনে চার জায়গায় চারবার বলেছেন। তাহলে এর গুরুত্ব কত বেশী!! এখানে প্রথম তিনটি মানবদেহের জন্য এবং শেষেরটা মানবাত্মা বা ঈমানের জন্য ক্ষতিকর ও ধ্বংসাত্মক এবং ধারাবাহিকতা বিচারে অনুমেয়, আল্লাহর কাছে মৃত প্রাণী সবচে’ খারাপ, অতঃপর প্রবাহিত রক্ত শূকরের গোস্তের চেয়েও খারাপ। হাঁ, প্রবাহিত রক্ত শূকরের গোস্তের চেয়েও খারাপ।

 

এই রক্তকেই আমরা প্রবাহিত হতে না দিয়ে গোস্তের মধ্যে আটকে রেখে প্রতিনিয়ত খাচ্ছি। আমরা প্রকৃতপক্ষে জবাই ও কুরবানীর নামে ব্রেন-স্ট্রোক ও শকে মরা পশুর গোস্ত খাচ্ছি। কিভাবে?
জবেহ সহী হওয়ার জন্য চারটি রগ কাটতে হয়Ñ খাদ্যনালী, শ্বাসনালী ও দুটি রক্তনালী। ভুলক্রমে তিনটি কাটা হলেও জবেহ হয়ে যাবে, শুদ্ধ হবে। কিন্তু তিনটি কাজ কখনোই করা যাবে না, হারাম ও কঠোরভাবে নিষেধ। (১) মেরুরজ্জু, শাহরগ বা স্পাইনাল কর্ডে আঘাত করা বা ছুরির খোঁচা মারা যাবে না। (২) জবেহ হওয়ার সাথে সাথে পশুর হাত-পায়ের বাঁধন খুলে দিতে হবে, যাতে পেশী-শিথিল অবস্থায় পড়ে থাকে ও ছটফট করতে পারে। (৩) মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত হাত-পায়ের নলা কাটা বা চামড়া ছাড়ানো শুরু করা যাবে না। কারণ মরার আগ পর্যন্ত প্রাণী ব্যথা পায়। মড়ার উপর খাঁড়ার ঘা নয়।

প্রথমটি করলে পশু জবাইয়ের চাইতে বেশী কষ্ট পায়। কারণ মেরুরজ্জুই অনুভূতি গ্রহণের প্রধান মাধ্যম। তাই জবাইয়ের ৩/৫ মিনিট পর ওখানে ছুরির খোঁচা দিলে বেহুঁশ হয়ে থাকা পশুও লাফিয়ে ওঠে। ৫/৭ মিনিটের মধ্যে পশু মরে না, কোষও মরে না। মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় অজ্ঞান হয়ে থাকে। ঐ সময় কৃত্রিমভাবে রক্ত সরবরাহ শুরু করলে বিজ্ঞানমতে আবার জেগে উঠবে। পশু মারা যাওয়ার কথা আরো কিছুক্ষণ পর। কিন্তু ঐ সময় মেরুরজ্জুতে ছুরির খোঁচা দিলে পশু কেঁপে উঠে মারা যায়। অতএব এই মৃত্যু জবাইয়ের কারণে নয়, ব্রেন-স্ট্রোক ও শকের কারণে।

 

আর আমরা জবাইকৃত পশুর গোস্ত খাচ্ছি না, খাচ্ছি অপঘাতে-মরা প্রাণীর গোস্ত (প্রকারান্তরে কুরআনে বর্ণিত ১ নং হারামটা)! পরন্তু খোঁচা মারার সাথে সাথে মস্তিষ্ক থেকে দেহের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, মুহূর্তে দেহ নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং রক্ত প্রবাহিত হয়ে বের না হয়ে মাংসের মধ্যে জমাট বেঁধে রন্ধ্রে রন্ধ্রে আটকে যায়, ঠিক যেভাবে ফাঁসিতে, আঘাতে বা পানিতে-ডুবে মরা লাশ কাটলে আর রক্ত বের হয় না। অথচ তার শরীরে রক্ত ছিল। এই জন্য ব্যক্তিগত পর্যায়ে সঠিকভাবে কুরবানী করা পশুর গোস্ত সাধারণত সাদাটে ও হাঁসাটে হয়, কিন্তু কসাইয়ের দোকানের গোস্ত হয় টকটকে লাল। পাবলিক গরু কেটে লাভ করতে না পারলেও কসাইরা ঠিকই লাভ বের করে আনে।

 

প্রথমত, ওদের হাতে যাদু আছে, কী করে গোস্তের সাথে হাড়-ছড় কুপিয়ে দিতে হয়, খুব ভাল জানে। দ্বিতীয়ত, একটা গরুতে অন্যূন বার লিটার রক্ত গোস্তের মধ্যে আটকে দিতে পারলে দশ হাজার টাকা নগদ লাভ। অতিলোভী এই চেঙ্গিস কসাইরা সবচে’ ভয়ঙ্কর যে কাজটি করে, জবাই করার সাথে সাথে বুকের চামড়া ফেড়ে ফেলে চোখা ছুরির আগা দিয়ে হৃদপি- খুঁচিয়ে দেয়। এতে হৃদপি- বিকল হয়ে রক্ত পাম্প করতে পারে না এবং মাংসে রক্ত প্রায় পুরোটাই থেকে যায়।

এই আটকে-থাকা (প্রবাহিত) রক্তে থাকে প্রচুর পরিমাণে টক্সিন, ইউরিয়া ও বিপাকীয় জৈবরাসায়নিক বর্জ্য, যা প্রাথমিকভাবে বদহজম ও এলার্জির কারণ হয় এবং পরে ডেকে আনে প্রাণঘাতী মারাত্মক রোগ। এই কারণে অনেকেই বলে, কুরবানীর গোস্ত খেলে সমস্যা হয় না, কিন্তু দোকানের গোস্ত খেলেই সমস্যা হয়। বিশেষ করে গরুর গোস্ত। আসলে গরুর গোস্ত মানুষের জন্য ক্ষতিকর হলে নাবী মুহাম্মাদ (সঃ)-এর শারীয়া’ অবশ্যই একে অন্তত মাকরূহ ঘোষণা করত, পূর্ণ হালাল করত না।

গরুর দেহে প্রতি কেজি বডি ওয়েটের জন্য ৫৫<মিলি রক্ত থাকে। রক্ত ও রক্তে-থাকা ব্যাকটেরিয়া গোস্তের দ্রুত পচন ঘটায়।

উল্লিখিত দ্বিতীয় কাজটি করলে রক্ত সহজভাবে বের হয়ে যাবে। অপরপক্ষে জবেহর পরও হাত-পা বেঁধে রাখা পিশাচের কাজ এবং এমনটি করলে পেশী খিঁচ ধরে ওয়ার্কিং অবস্থায় থাকে। তখন সব রক্ত বের হয় না। এরপর তৃতীয় কাজটি করলে যে স্নায়ুগুলো কাটা পড়বে, সেগুলো দেহের যতটুকু অংশ নিয়ন্ত্রণ করত, সেসব অংশের রক্তও আর বের হবে না। এছাড়া আরো একটি কাজ ঃ পশু ঝুলিয়ে চামড়া ছাড়ানো উত্তম (সম্ভব হলে ভারী পশুর ক্ষেত্রেও)। এতে অবশিষ্ট রক্তটুকু বের হয়ে যাবে।

গভীরভাবে বোঝার বিষয় এই যে, সূরা মায়েদার ৩ নং আয়াতে আরো হারাম করা হয়েছে *গলা চিপে মারা জন্তু, *প্রহারে মরা জন্তু, *উঁচু থেকে পড়ে মরা জন্তু, *অন্য প্রাণীর শিঙের আঘাতে মরা জন্তু এবং *যে জন্তুকে হিংস্্রস্্র প্রাণী খেয়েছে এবং জবেহ করে নেওয়া হয়নি। এখানে লক্ষণীয় এমন জন্তু, যার দেহ থেকে রক্ত প্রবাহিত না হয়ে মারা পড়েছে। ‘প্রবাহিত রক্ত’!

আসুন, আমরা মরা গরুর সাথে প্রবাহিত রক্ত খাওয়ার বিরুদ্ধে সোচ্চার হই! নিজেরা বাঁচি, দেশবাসীকে বাঁচাই! লেখক: কামারুজ্জামান, রতেœশ্বরপুর, দেবহাটা

 

নির্বাচনী ইশতেহার জনগণের সঙ্গে একটি সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তি: অনিন্দ্য ইসলাম অমিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
নির্বাচনী ইশতেহার জনগণের সঙ্গে একটি সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তি: অনিন্দ্য ইসলাম অমিত

যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচিসহ সরকারের উন্নয়ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক আজ (শুক্রবার) বিকালে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের নদীয়ার মোড় বর্মনপাড়ায় অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকার নির্বাচনী ইশতেহারে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। দেশের অস্বচ্ছল প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। কৃষকদের জন্য কৃষি কার্ডের পাশাপাশি প্রধানমন্ত্রী ১০ হাজার টাকা করে কৃষিঋণ মওকুফ করেছে। তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের ভাতার আওতায় আনার কার্যক্রমও শুরু হয়েছে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শুরু হওয়া খালকাটা কর্মসূচি বর্তমান সরকার পুনরায় চালু করেছে।

তিনি আরও বলেন, নির্বিচারে বনভূমি উজাড়ের ফলে দেশের পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের মাধ্যমে ব্যাপক বনায়ন সৃষ্টির উদ্যোগ নিয়েছে। বিএনপি মনে করে, নির্বাচনী ইশতেহার শুধু রাজনৈতিক প্রতিশ্রুতির দলিল নয়; এটি জনগণের সঙ্গে একটি সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তি। তাই ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব এবং তা পালনে আমরা বাধ্য।

যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবদার খান। স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো: রেজাউল করিম। তথ্যবিবরণী