কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আজ
পত্রদূত ডেস্ক: নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আজ ২৩ অক্টোবর। ১৯২৯ সালের এই দিনে ঢাকার মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর ডাকনাম ছিল বাচ্চু। বাবা মোখলেসুর রাহমান চৌধুরী ও মা আমেনা বেগম। লেখক হওয়ার আকাঙ্ক্ষায় নাম থেকে পৈতৃক উপাধি ‘চৌধুরী’ বাদ দেন তিনি।
ঢাকায় বেড়ে ওঠা শামসুর রাহমানের কবিতায় নাগরিক জীবনের সুখ-দুঃখ, সংকট ও মানুষের অনুভূতি বিশেষভাবে উঠে এসেছে। বাঙালির বিভিন্ন আন্দোলন-সংগ্রামও তাঁর কবিতায় গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে।
১৯৬০ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ৬৬টি কাব্যগ্রন্থ, চারটি উপন্যাস, একটি প্রবন্ধগ্রন্থ, একটি ছড়ার বই ও ছয়টি অনুবাদগ্রন্থ।
সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি স্বাধীনতা পদক ও একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। ২০০৬ সালের ১৭ আগস্ট মৃত্যুবরণ করেন বাংলা সাহিত্যের এই প্রথিতযশা কবি।









