কয়রায় ইয়াবা বেচাকেনার অভিযোগে আটক দুই যুবক, উদ্ধার ৭৯ পিস
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় ইয়াবা কেনাবেচার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৭৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কয়রা সদর ইউনিয়নের পল্লীমঙ্গল এলাকায় সরকারি সড়কের পাশে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের আবু মুছা সানার ছেলে আলামিন হোসেন (২০) ও আব্দুল আজিজ সরদারের ছেলে আহসানুল্লাহ (২৫)।
পুলিশ জানায়, রাতের নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে পল্লীমঙ্গল এলাকায় ইয়াবা কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৭৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।



