বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুরু

পত্রদূত ডেস্ক: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৬ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রাণিসম্পদ দপ্তর ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত এ আয়োজন চলবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এফ এম মান্নান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ। সম্মানিত অতিথি ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জেলা ট্রেনিং কর্মকর্তা ডা. বিশ্বপদ বিশ্বাস এবং জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক কৃষিবিদ মো. জাহিদুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি, খামারি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান।

আয়োজকরা জানান, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং খামারিদের উৎসাহিত করার পাশাপাশি এ খাতের সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির গবাদিপশু, হাঁস-মুরগি এবং প্রাণিসম্পদ খাতসংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হচ্ছে। খামারি ও উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত প্রাণিসম্পদ ও সংশ্লিষ্ট উপকরণ প্রদর্শন করছেন। দর্শনার্থীরাও বিভিন্ন স্টল ঘুরে এ খাতের নানা দিক সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।

Ads small one

ভালোবাসার মিষ্টি উপহার কেক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
ভালোবাসার মিষ্টি উপহার কেক

প্রকাশ ঘোষ বিধান

প্রতিবছর ২৬ নভেম্বর বিশ্বজুড়ে কেক দিবস উদ্‌যাপন করা হয়। আনন্দ, সৃজনশীলতা ও ভালোবাসা ভাগ করে নেওয়ার এই দিনটি কেকপ্রেমীদের কাছে বিশেষ উপলক্ষ। কেক শুধু সুস্বাদু খাবার নয়, এটি উৎসব, আবেগ ও সম্পর্কেরও প্রতীক।

কেকের ইতিহাস বেশ প্রাচীন। মিসর ও গ্রিসে মধু, বাদাম, দুধ ও ডিম দিয়ে মিষ্টি রুটি তৈরি হতো, যা আধুনিক কেকের আদি রূপ বলে ধারণা করা হয়। প্রাচীন কেক ছিল ভারী ও সমতল। পরে রোমানদের হাত ধরে কেকের স্বাদ ও গঠনে পরিবর্তন আসে। ইউরোপে ময়দা, চিনি, মাখন ও ওভেনের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে কেক হয়ে ওঠে নরম, সুস্বাদু ও আকর্ষণীয়। উনিশ শতকে জন্মদিনের কেক ও মোমবাতির প্রচলন জনপ্রিয়তা পায়, যা ধীরে ধীরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

সময়ের সঙ্গে কেক তৈরিতে এসেছে নানা বৈচিত্র্য। চকোলেট, ভ্যানিলা, ব্ল্যাক ফরেস্ট, রেড ভেলভেট, চিজকেক ও ফ্রুট কেক—স্বাদ ও সাজসজ্জায় প্রতিটি কেকের রয়েছে আলাদা বৈশিষ্ট্য। চকোলেট কেকের সমৃদ্ধ স্বাদ, ভ্যানিলা কেকের মিষ্টি সুবাস, ব্ল্যাক ফরেস্টের চেরি ও ক্রিমের সমন্বয় কিংবা রেড ভেলভেটের আকর্ষণীয় রং—সবই কেকপ্রেমীদের কাছে বিশেষ জনপ্রিয়।

জন্মদিন, বিয়ে, বিবাহবার্ষিকী, চাকরিতে পদোন্নতি কিংবা যেকোনো সাফল্য উদ্‌যাপনে কেক এখন অপরিহার্য অনুষঙ্গ। কেক কাটার মধ্য দিয়ে শুভেচ্ছা, আনন্দ ও ভালোবাসা ভাগ করে নেওয়ার একটি সুন্দর রীতি গড়ে উঠেছে। জন্মদিনের কেকের ওপর মোমবাতি জ্বালিয়ে মনের ইচ্ছা প্রকাশও অনেকের কাছে আনন্দের ঐতিহ্য।

বিকেলের চায়ের সঙ্গে এক টুকরো কেক কিংবা প্রিয়জনের জন্য নিজের হাতে তৈরি কেক মুহূর্তকে করে তোলে আরও সুন্দর। বিশ্ব কেক দিবস আমাদের মনে করিয়ে দেয়, জীবনের ছোট ছোট আনন্দও উদ্‌যাপন করা প্রয়োজন। পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে পছন্দের কেক ভাগ করে নেওয়ার মধ্যেই এই দিনের আনন্দ ও সার্থকতা নিহিত।

এক টুকরো কেক কখনো কখনো হয়ে উঠতে পারে ভালোবাসার মিষ্টি উপহার, আন্তরিকতার প্রকাশ এবং সম্পর্কের উষ্ণতা বাড়ানোর ছোট্ট উপলক্ষ।

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় ৪ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় ৪ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও ঘোনা বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।

ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দল মুফতি মোড় এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের টাওয়ার আইসি, চার্জিং পিন ও মাউথ স্পিকার জব্দ করে। অন্যদিকে, ঘোনা বিওপির দল সীমান্ত পিলার-৭ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দাঁতভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের সিম গার্ড ও চার্জিং পিন জব্দ করে।

দুটি অভিযানে মোট ৩ লাখ ৯২ হাজার ৬০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে এসব পণ্য অবৈধভাবে আনা হচ্ছিল বলে বিজিবি জানায়।

টাকার অভাবে চিকিৎসা বন্ধ, সাহায্যের আবেদন বিধবা মর্জিনার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
টাকার অভাবে চিকিৎসা বন্ধ, সাহায্যের আবেদন বিধবা মর্জিনার

জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা গ্রামের বিধবা মর্জিনা খাতুন (৪৬) অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না। কোমর ও হাঁটুর ব্যথায় দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি। তাঁর চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন জানানো হয়েছে।

স্বামী জবেদ আলীর মৃত্যুর পর দুই সন্তান নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মর্জিনা। বর্তমানে অসুস্থ ও কর্মহীন তিনি। তাঁর একমাত্র ছেলে পড়াশোনা করছে। সাতক্ষীরার বিশেষজ্ঞ চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু অর্থাভাবে সেই চিকিৎসা শুরু করতে পারছেন না।

চিকিৎসকের ব্যবস্থাপত্রে তাঁর কোমরের লাম্বার স্পন্ডাইলোসিস ও হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস উল্লেখ রয়েছে। পাশাপাশি এমআরআই পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে।

চিকিৎসার জন্য মর্জিনা সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আর্থিক অনুদানের আবেদন করেছেন। এ ছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দুস্থ মহিলা কল্যাণ তহবিল থেকে সহায়তা পেতে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্যের কাছেও আবেদন করেছেন।

অসহায় মর্জিনার চিকিৎসায় সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানানো হয়েছে।

যোগাযোগ: ০১৮৭৩-৩৮৮৬২১

সাহায্য পাঠানোর বিকাশ নম্বর: ০১৭১২৩৩৬৬১২