বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

কয়রায় দুই শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:১৬ পূর্বাহ্ণ
কয়রায় দুই শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

পত্রদূত ডেস্ক: খুলনার কয়রা উপজেলায় দুই শিশুকে ধর্ষণের দায়ে মো. রিয়াজুল ইসলাম (নামে) এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খুলনার জেলা শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রাখিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালতের বেঞ্চ সহকারী হরিদাস তরফদার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রিয়াজুল ইসলাম কয়রা উপজেলার ২ নম্বর কয়রা এলাকার মো. শেরজুল ইসলামের ছেলে।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৯ জুলাই বিকেলে বাড়িতে অভিভাবক না থাকার সুযোগে খাবারের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন রিয়াজুল। ছয় দিন পর তিনি একই ঘটনার পুনরাবৃত্তি করেন। পরে শিশুদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নৌবাহিনী ও পুলিশকে জানানো হলে যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় এক শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২৯ আগস্ট তদন্ত কর্মকর্তা প্রণয় মণ্ডল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। চলতি বছরের ৩ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় দেন।

Ads small one

সাতক্ষীরার দুই সরকারি বিদ্যালয়ে আসন ৫৯১, ভর্তি শুরু ১ ডিসেম্বর

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:৪৩ পূর্বাহ্ণ
সাতক্ষীরার দুই সরকারি বিদ্যালয়ে আসন ৫৯১, ভর্তি শুরু ১ ডিসেম্বর

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ৫৯১টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ২৯৮টি এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৯৩টি আসন রয়েছে।

জেলা পর্যায়ের ভর্তি কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে প্রভাতি ও দিবা শাখায় ১১০টি করে মোট ২২০টি আসন রয়েছে। ষষ্ঠ শ্রেণিতে দিবা শাখায় ১৭টি, সপ্তম শ্রেণিতে প্রভাতি শাখায় ৬টি ও দিবা শাখায় ৮টিসহ মোট ১৪টি, অষ্টম শ্রেণিতে প্রভাতি শাখায় ১৩টি ও দিবা শাখায় ১২টিসহ মোট ২৫টি এবং নবম শ্রেণিতে প্রভাতি শাখায় ৯টি ও দিবা শাখায় ১৩টিসহ মোট ২২টি আসন রয়েছে।

অন্যদিকে, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে প্রভাতি ও দিবা শাখায় ১১০টি করে মোট ২২০টি আসন রয়েছে। পঞ্চম শ্রেণিতে প্রভাতি শাখায় ৬টি ও দিবা শাখায় ১৫টিসহ মোট ২১টি, ষষ্ঠ শ্রেণিতে দিবা শাখায় ৯টি, সপ্তম শ্রেণিতে দিবা শাখায় ১৫টি, অষ্টম শ্রেণিতে দিবা শাখায় ৬টি এবং নবম শ্রেণিতে প্রভাতি শাখায় ২টি ও দিবা শাখায় ২০টিসহ মোট ২২টি আসন রয়েছে।

বয়সের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুসরণের কথা বলা হয়েছে। প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স ছয় বছর বা তার বেশি, তবে সাত বছরের কম হতে হবে। এ ক্ষেত্রে জন্মতারিখ ১ জানুয়ারি ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০-এর মধ্যে হতে হবে। তৃতীয় শ্রেণিতে ভর্তির জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১ জানুয়ারি ২০১৮ থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত। অন্যান্য শ্রেণিতে বয়সসীমা ধারাবাহিকভাবে প্রযোজ্য হবে। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া হবে।

 

ভর্তির আবেদন ১ ডিসেম্বর ২০২৬ থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে করতে হবে। আবেদন ফরম পূরণ ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dshe.gov.bd)-এর Secondary Circular/Order এবং http://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর ২০২৬, শনিবার। আবেদন করা বিদ্যালয়েই পরীক্ষা নেওয়া হবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এবং অন্যান্য শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার নম্বর বণ্টনে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির জন্য পূর্ণমান ৫০ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বাংলা ১৫, ইংরেজি ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে। অন্যান্য শ্রেণির জন্য পূর্ণমান ১০০। এর মধ্যে বাংলা ৩০, ইংরেজি ৩০ ও গণিতে ৪০ নম্বর বরাদ্দ রয়েছে।

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে এসএমএস করে এ ফি জমা দিতে হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বশেষ ভর্তি নীতিমালার ১৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোটা অনুসরণ করা হবে।

বিজ্ঞপ্তিতে ভর্তি-সংক্রান্ত নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অভিভাবক ও শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সাতক্ষীরা জেলা পর্যায়ের ভর্তি কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এবং সদস্যসচিব ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি ২৬ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশ করা হয়েছে।

প্রায় ১০ হাজার মানুষকে বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হচ্ছি: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:১০ পূর্বাহ্ণ
প্রায় ১০ হাজার মানুষকে বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হচ্ছি: প্রধানমন্ত্রী

 

আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘আজকে বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় একটি দিন। আজ ১১২ জন যাচ্ছেন। আমরা প্রায় ১০ হাজার মানুষকে বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হচ্ছি।’

একইসঙ্গে বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান।

অনুষ্ঠানে প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন বাংলাদেশি কর্মীকে বিদায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় একটি দিন। আজ ১১২ জন যাচ্ছেন। আমরা প্রায় ১০ হাজার মানুষকে বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হচ্ছি। অনেক দিন ধরে এই কার্যক্রম বন্ধ ছিল। মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবার দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার চালু করা সম্ভব হয়েছে। এ জন্য মালয়েশিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, ‘কর্মীদের আরও দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে তারা নিজেরা যেমন উপকৃত হবেন, তেমনি দেশেরও লাভ হবে। এ লক্ষ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের দক্ষতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার।’

ভাষাগত দক্ষতার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বিদেশে কাজ করতে গেলে ভাষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সরকার এ বিষয়ে কাজ শুরু করেছে। আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে। ভাষা জানা থাকলে কর্মীদের কাজ করতে অনেক সুবিধা হবে।’

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সুস্থভাবে সেখানে পৌঁছে ভালোভাবে কাজ করবেন। সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য, আইন ও নিয়মকানুন মেনে চলবেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।’

তারেক রহমান বলেন, ‘বিদেশে কর্মরত বাংলাদেশিদের আচরণের ওপর দেশের ভাবমূর্তি নির্ভর করে। একজন কর্মীর কাজ ও আচরণ দেখে সংশ্লিষ্ট দেশের মানুষ বাংলাদেশকে মূল্যায়ন করবে। কর্মীরা সুনামের সঙ্গে কাজ করলে তাদের দেখে অন্য বাংলাদেশি কর্মীদের নিয়োগ দিতেও বিদেশি প্রতিষ্ঠানগুলো উৎসাহিত হবে।’

তিনি বলেন, ‘আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, ওই দেশের আইনকানুন ও ঐতিহ্য মেনে চলবেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।’

প্রধানমন্ত্রী কর্মীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্থতা কামনা করেন। একই সঙ্গে এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান। পরে রেমিটেন্সযোদ্ধাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান ও ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং মালয়েশিয়ার সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার পর সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর এ কার্যক্রম শুরু হলো।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মীদের নির্বাচন করা হয়েছে।

নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। নিয়োগকর্তার পক্ষ থেকে তাদের আবাসন ও চিকিৎসা সুবিধাও দেওয়া হবে। কর্মীদের অভিবাসন সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করছে নিয়োগকারী প্রতিষ্ঠান।

এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

উল্লেখ্য, চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তিনি। বৈঠকে অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন।

পাইকগাছায় দরিদ্র শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফি দিলো দলিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ
পাইকগাছায় দরিদ্র শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফি দিলো দলিত

তালা প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার দরিদ্র, মেধাবী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৯ শিক্ষার্থীকে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফি বাবদ আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ দিয়েছে বেসরকারি সংস্থা দলিত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে অর্থ ও শিক্ষা উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াসিউজ্জামান চৌধুরী।
দলিতের ‘লেটারেসি প্রজেক্ট ফর মার্জিনালাইজড কমিউনিটি’ প্রকল্পের আওতায় এ সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রকল্প ব্যবস্থাপক ধরাদেবী দাস। এ সময় প্রকল্প সমন্বয়কারী নেপাল দাসসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।