কয়রায় সার বিক্রির রেজিস্টারে অনিয়ম, দুই ব্যবসায়ীকে জরিমানা
কয়রা (খুলনা) প্রতিনিধি: সার বিক্রয় রেজিস্ট্রারে সঠিকভাবে তথ্য লিপিবদ্ধ না করার অভিযোগে খুলনার কয়রায় দুই সার ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার কয়রা বাজার ও হায়াতখালী বাজারে অভিযান চালিয়ে তাঁদের এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার বিক্রয় রেজিস্ট্রারে সঠিকভাবে তথ্য লিপিবদ্ধ না করায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারা লঙ্ঘনের অভিযোগে উপজেলা সদরের মিলন কৃষি বিতানের মালিক মিলন কুমার ম-লকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে একই অভিযোগে হায়াতখালী বাজারের রিজিয়া স্টোরের মালিক কামরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ বলেন, কৃষকদের জন্য নির্ধারিত সার যথাযথভাবে বাজারজাত ও বিতরণ নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। সারের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা এবং অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












