কলারোয়ায় কিশোরী ও অভিভাবকদের সচেতনতামূলক প্রশিক্ষণ
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) দ্বিতীয় পর্যায়ের আওতায় কিশোরী ও অভিভাবকদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে কাজীরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কলারোয়া এ প্রশিক্ষণের আয়োজন করে।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরডিবি খুলনার যুগ্মপরিচালক এ কে এম আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি সাতক্ষীরার উপপরিচালক আফরুজ্জামান।
প্রশিক্ষণে নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিবাহবিরোধী মনোভাব গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রকল্পের আওতায় জমাকৃত সঞ্চয় ও প্রণোদনার চেক বিতরণ করেন প্রধান অতিথি। এ সময় কাজীরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক, কলারোয়া ইউসিসিএ লিমিটেডের সভাপতি সাইফুল্লাহ আজাদসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস এম এ সোহেল।












