শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর স্মরণে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় শ্যামনগর ঈদগাহ ময়দান থেকে মিছিলটি শুরু হয়।
উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি মাইক্রোস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল। বক্তব্য দেন জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল মজিদ ও উপজেলা নায়েবে আমির মাওলানা মঈন উদ্দিন মাহমুদ।
বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতার প্রসঙ্গ তুলে ধরে বলেন, নানা নির্যাতন উপেক্ষা করেও বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমানুষের সংগঠন হিসেবে এগিয়ে যাচ্ছে।
সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, নায়েবে আমির অধ্যাপক ফজলুল হক, সহকারী সেক্রেটারি সাইদি হাসান বুলবুল, মহসিন আলম, শহিদুল ইসলাম ও ডা. ইমাম হাসানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।












