কলারোয়ায় তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শুরু
আরিফ মাহমুদ: সাতক্ষীরার কলারোয়ায় তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) এশার নামাজের পর কলারোয়া ফুটবল মাঠে মাহফিলের প্রথম দিনের আয়োজন করা হয়।
প্রথম দিনের প্রধান বক্তা ছিলেন ভারতের ফুরফুরা শরিফের পীর শায়খুল হাদিস আল্লামা আবু বকর আব্দুল হাই মেশকাত সিদ্দিকি আল-কুরাইশী। দ্বিতীয় বক্তা ছিলেন মুফাসসিরে কোরআন ড. কামরুল ইসলাম সাঈদ আনসারী। প্রধান আকর্ষণ ছিলেন বিশ্বজয়ী হাফেজ কারি আবু রায়হান।
কলারোয়া ইসলামী পাঠাগার ও যুব কল্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মেহেরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) অবসরপ্রাপ্ত পরিচালক খান মিজানুল ইসলাম সেলিম, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. আবু নসর ও ব্যবসায়ী গোলাম আজম।
এ সময় মাহফিল কমিটির সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম মহিদ, রমজান আহমেদ, সাইফুল ইসলাম বাবু, শেখ শাহাজাহান আলী শাহীনসহ বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির নেতারা জানান, মাহফিলের দ্বিতীয় দিনে আল্লামা তারেক মনোয়ারসহ অন্যান্য বক্তা আলোচনা করবেন। তৃতীয় দিন অনুষ্ঠিত হবে ইসলামী সাংস্কৃতিক উৎসব।












