কলারোয়ায় ইউপি সদস্য প্রার্থী বাছাইয়ে বিএনপির পাঁচ সদস্যের কমিটি
আরিফ মাহমুদ: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় কলারোয়া পৌরসভা অডিটরিয়ামে উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের অংশগ্রহণে এ সভা হয়।
উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
সভায় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন ও শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, আসাদুজ্জামান আসাদ এবং সহকারী অধ্যাপক শাহাদাত হোসেনসহ নেতারা উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলার ১২টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির একক প্রার্থী বাছাইয়ের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিনকে আহ্বায়ক এবং সাবেক যুবদল সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চুকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন আব্দুর রশীদ মিয়া, আশরাফ হোসেন ও আব্দুর রকিব মোল্লা। সভায় আগামী ৮ নভেম্বর সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্তও নেওয়া হয়।









