শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

কলারোয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে তরুণীর অনশন ও বিচার দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
কলারোয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে তরুণীর অনশন ও বিচার দাবি

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দুই বছর ধরে প্রেমের সম্পর্কের নামে একাধিকবার ধর্ষণ ও গর্ভপাতের পর প্রতারক প্রেমিকের বিদেশ পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ন্যায়বিচার ও বিয়ের দাবিতে ওই তরুণী অভিযুক্তের বাড়িতে গিয়ে অবস্থান নিলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অভিযুক্ত প্রতারক মনিরুল ইসলাম কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আশা গাজীর ছেলে। ভুক্তভোগী নারী (২০) একই উপজেলার ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়নের মেয়ে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই বছর ধরে ভুক্তভোগী নারীর সাথে মনিরুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সুবাদে বিয়ের প্রলোভন দেখিয়ে মনিরুল তার নিজ বাড়িসহ সাতক্ষীরার বিভিন্ন পার্কে ও গোপন স্থানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেন।

 

পরবর্তীতে ভুক্তভোগী নারী গর্ভবতী হয়ে পড়লে গত ২০২৫ সালের ২৪ মে সাতক্ষীরার স্বপ্না ক্লিনিক অ্যান্ড আকসা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করিয়ে গর্ভাবস্থার সত্যতা (পজিটিভ রিপোর্ট) নিশ্চিত করা হয়।

স্থানীয়রা জানান, গর্ভাবস্থার বিষয়টি জানাজানি হওয়ার পর কাজী ডেকে বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীকে সাতক্ষীরার একটি ক্লিনিকে নিয়ে কৌশলে গর্ভপাত (অ্যাবশন) করানো হয়। পরবর্তীতে সমস্ত প্রতিশ্রুতি ও সম্পর্ক অস্বীকার করে প্রতারক মনিরুল গোপনে বিদেশ চলে যান।

পরিবার ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, বিদেশ চলে যাওয়ার পর অসহায় ওই নারী কোনো উপায় না পেয়ে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরতে থাকেন। স্থানীয়দের পরামর্শে শুক্রবার (২০২৬ সালের ২৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী নারী তার অধিকার ও স্বীকৃতি আদায়ের জন্য কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামে মনিরুল ইসলামের বাড়িতে যান। সেখানে তিনি জানান, তাকে বিয়ে ও পারিবারিক মর্যাদা না দিলে তিনি ওই বাড়িতেই বিষপান করে বা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবেন।

পরিস্থিতি বেগতিক দেখে মনিরুলের পরিবার ওই ওয়ার্ডের সাবেক এক ইউপি সদস্যকে ডেকে আনেন। পরবর্তীতে স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের আশ্বাসে যে, মনিরুল দেশে ফিরলে স্থানীয়ভাবে এই ঘটনার সঠিক বিচার করা হবে। পরে ওই নারী এমন আশ্বাসে বাড়ি ত্যাগ করেন।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অসহায় নারী এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রতারক মনিরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Ads small one

সাতক্ষীরা স্টেডিয়ামে প্রাণের উচ্ছ্বাস: ডিসি কাপ ফুটবলের মেগা ফাইনাল আজ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
সাতক্ষীরা স্টেডিয়ামে প্রাণের উচ্ছ্বাস: ডিসি কাপ ফুটবলের মেগা ফাইনাল আজ

এসএম হাবিবুল হাসান: শ্রাবণের পর ভাদ্রের আকাশ মেঘে ঢাকা, কখনো আবার রিমঝিম বৃষ্টিতে ভিজছে চারপাশ। বর্ষার এই সিক্ত মেজাজের সঙ্গেই পাল্লা দিয়ে সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে যেন ফিরে এসেছে নতুন প্রাণের স্পন্দন। রবিউল ইসলাম শিবলু, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, সাবিনা খাতুন কিংবা আফেইদা খন্দকার প্রান্তির মতো তারকাদের জন্ম দেওয়া এই জেলায় দীর্ঘদিন ঝিমিয়ে পড়েছিল খেলার জগত। টানা চার-পাঁচ বছর জেলা পর্যায়ে কোনো বড় ধরনের টুর্নামেন্ট না থাকায় যে খরা তৈরি হয়েছিল, বর্ষার নবধারার মতোই ‘জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ তা ধুয়েমুছে দিয়েছে।
আজ রবিবার (৩০ আগস্ট) বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে টুর্নামেন্টের মেগা ফাইনালে মুখোমুখি হবে কালিগঞ্জ উপজেলা ও আশাশুনি উপজেলা দল। এ খেলার মধ্য দিয়েই পর্দা নামবে এই অঞ্চলের ফুটবল উৎসবের।
সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য, সাবেক ফুটবলার ইমাদুল হক খান জানান, সাতক্ষীরা জেলা ক্রীড়াঙ্গনের এক উর্বর ভূমি। দীর্ঘদিন জেলা পর্যায়ে খেলার আয়োজন না থাকায় কিছুটা স্থবিরতা এসেছিল। তবে চলতি মৌসুমে জেলা প্রশাসক কাপকে কেন্দ্র করে জেলাজুড়ে যে উন্মাদনা তৈরি হয়েছে, তা অভূতপূর্ব। বৃষ্টির তোয়াক্কা না করেই সাতক্ষীরা স্টেডিয়ামের গ্যালারি ছিল দর্শকে কানায় কানায় পরিপূর্ণ। এমনকি স্থান সংকুলান না হওয়ায় অনেক অনুরাগী মাঠের ভেতর বসেই সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করেছেন।
মাদকের ভয়াবহ থাবা থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ডিসি কাপের পর জেলার প্রথম ও দ্বিতীয় বিভাগ এবং প্রিমিয়ার কাপ ফুটবলের আয়োজন করা হবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনা সম্ভব হবে, যারা পরবর্তীতে জেলা ও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবে।
স্পোর্টস অঙ্গনের সাবেক সংগঠকদের মতে, এই ফুটবল টুর্নামেন্ট জেলাজুড়ে ক্রীড়া চর্চার এক দারুণ উদ্দীপনা তৈরি করেছে। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ক্রিকেটার মীর তাজুল ইসলাম রিপন মনে করেন, দীর্ঘদিন পর সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে আবার সুবাতাস বইছে। এই আয়োজনের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট, নারী ক্রিকেট এবং প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে। এতে স্থানীয় উঠতি খেলোয়াড়দের জন্য নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ বিস্তৃত হবে।
সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এ মোট ৮টি দল অংশ নেয়। প্রথম রাউন্ডের লড়াই আর উত্তেজনাপূর্ণ দুটি সেমিফাইনালের গ-ি পেরিয়ে আজ ফাইনালে মুখোমুখি হচ্ছে কালিগঞ্জ ও আশাশুনি। বর্ষণসিক্ত মৌসুমে গ্যালারির গর্জন আর ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে আজ আবার মুখরিত হতে যাচ্ছে সাতক্ষীরা স্টেডিয়াম। বর্ষার এই জাগরণ অব্যাহত থাকবে এবং স্থানীয় ক্রীড়াঙ্গন আবার তার পুরোনো ঐতিহ্য ফিরে পাবেÑএমনটাই প্রত্যাশা জেলাবাসীর।

দেবহাটায় শ্মশানের জমি বিরোধ নিয়ে শিক্ষকের সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
দেবহাটায় শ্মশানের জমি বিরোধ নিয়ে শিক্ষকের সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকার শ্মশানের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। ২৭ আগস্ট সকালে দেবহাটা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সুবর্ণাবাদ মহাশ্মশানের প্রতিষ্ঠাতা তাঁর বাবা নিরাপদ সরকার। তবে বাবার দান করা সম্পত্তি নিয়ে নয়, তাঁর নিজের রেকর্ডীয় জমি নিয়েই বিরোধের সৃষ্টি হয়েছে। শ্মশানের পরিত্যক্ত কাঠ তাঁর জমিতে রাখায় তিনি সেগুলো সরিয়ে নিজের জমিতে গাছ লাগান। কিন্তু পরবর্তীতে সেই গাছ উপড়ে ফেলে ও সীমানা প্রাচীর ভেঙে তা দখল করা হয়।
জগদীশ সরকার জানান, পরবর্তীতে প্রতিপক্ষরা ব্যর্থ হয়ে তাঁর বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাৎ ও সুদের ব্যবসার মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করে। তিনি দাবি করেন, উপবৃত্তির অর্থ সরাসরি অভিভাবকদের ব্যাংক অ্যাকাউন্টে যায় এবং বিদ্যালয়ে কোনো অনিয়ম ঘটে না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তিনি সঠিক বিচার প্রত্যাশা করেন।

দেবহাটায় সার ব্যবসায়ীকে জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ
দেবহাটায় সার ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি: দেবহাটার সখিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক সার ব্যবসায়ীকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৯ আগস্ট বেলা পাঁচটায় এ অভিযান পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সখিপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর ৪০ ধারা লঙ্ঘনের দায়ে ‘চাষী ঘর’-এর স্বত্বাধিকারী আজাহারুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান উপস্থিত ছিলেন।
নির্বাহী কর্মকর্তা মিলন সাহা জানান, মজুত খাতা, রেজিস্টার খাতা ও ক্যাশ মেমো সঠিক না থাকায় এই জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।