কলারোয়ায় মানসিক প্রতিবন্ধীকে নির্যাতনের অভিযোগ
সংবাদদাতা: কলারোয়ায় গোলাম রসুল শেখ (৩৮) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর ও এসিড স্প্রে করে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। কলারোয়া পৌর সদরের মির্জাপুর গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। আহত যুবক বর্তমানে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ঘটনায় ভুক্তভোগীর ভাই মো. আব্দুল গফুর শেখ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে কলারোয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন মির্জাপুর গ্রামের মো. সেকেন্দার আলী (৬২), মো. জিম হোসেন (২২), মোছা. মনি (৫২) ও মোছা. পপি খাতুন (৪২)।
অভিযোগ সূত্রে জানা যায়, ১০ আগস্ট বিকেলে গোলাম রসুল অভিযুক্তদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় পূর্বশত্রুতার জেরে তাঁকে আটকে খুঁটিতে বাঁধা হয়। পরে লাঠিসোটা দিয়ে মারধরের একপর্যায়ে তাঁর শরীরে এসিড স্প্রে করা হয়, এতে দুই হাত পুড়ে মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।










