বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে। চোরেরা ছাদের তালা ভেঙে ঘরে ঢুকে আনুমানিক ৮-১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭০-৮০ হাজার টাকা নিয়ে গেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বাড়ির মালিক কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন এবং তাঁর স্ত্রী শ্রীপতিপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ডালিয়া আফরোজ। ঘটনার সময় তাঁরা ও পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না।
চোরেরা ছাদের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে বিভিন্ন কক্ষের আলমারি ও আসবাবপত্র তছনছ করে স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়।
শেখ তামিম আজাদ মেরিন জানান, বাড়ি থেকে আনুমানিক ৮-১০ ভরি স্বর্ণালংকার এবং ৭০-৮০ হাজার টাকা চুরি হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।

Ads small one

আশাশুনিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
আশাশুনিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আশাশুনিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য হাফেজ রবিউল বাশারের প্রতিনিধি উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আব্দুস সালাম। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন শুক্রবার নাকনা ও মাদারবাড়িয়ায় বিনা মূল্যে চিকিৎসা ও টিকাদান ক্যাম্প এবং ভ্রাম্যমাণ প্রচার চালানো হবে। শনিবার সমাপনী দিনে স্কুল ফিডিং, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হবে।

 

কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক।

আশাশুনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
আশাশুনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, গত এক মাসে পরিস্থিতির উন্নয়নে বাস্তবায়িত কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, বিএনপির সাবেক সদস্যসচিব মশিউল হুদা তুহিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।