আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
বিএম আলাউদ্দীন, আশাশুনি: সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইন মামলার এক আসামি ও বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত দুজনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামের নজরুল ইসলাম গাইনের ছেলে ফরহাদ আহমেদ নয়ন (৪২)। তিনি ১ নম্বর শোভনালী ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে পরিচিত। অন্য দুজন হলেন বড়দল উত্তরপাড়া গ্রামের রাজ্জাক গাজীর ছেলে জামিরুল গাজী (৩৬) ও কুল্যা গ্রামের আনছার মল্লিকের ছেলে ফারুখ হোসেন (২৬)।
পুলিশ জানায়, ফরহাদ আহমেদ নয়ন সন্ত্রাসবিরোধী আইনসংক্রান্ত মামলার আসামি। অপর দুজনের বিরুদ্ধে পৃথক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বুধবার দুপুরে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে।












