কলারোয়ায় সিসিডিবির সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির উদ্যোগে সম্প্রীতি প্রকল্পের ৯ সদস্যবিশিষ্ট পরামর্শক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিসিডিবির সম্প্রীতি প্রকল্পের ব্যবস্থাপক পার্থ প্রতিম সেন।
সভায় জানানো হয়, নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা কার্ক ইন অ্যাক্টির আর্থিক সহায়তায় সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সহায়তা এবং আন্তধর্মীয় সহযোগিতার মাধ্যমে বেকার যুবক-যুবতীদের জীবিকার সুযোগ সম্প্রসারণ ও সামাজিক সংহতি জোরদার করা এ প্রকল্পের মূল লক্ষ্য। পাশাপাশি ন্যায় ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ নির্মাণে সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রকল্পের টেকনিক্যাল অফিসার একরামুল কবীরের সঞ্চালনায় সভায় মাঠ সংগঠক সুদীপ্ত বিশ্বাস, প্রভাষক আরিফ মাহমুদ, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন, হাসপাতাল মসজিদের ইমাম শেখ তামিম হোসেন, পুরোহিত মহেন্দ্র দাস, খ্রিষ্টান পাদ্রি প্রসাদ বিশ্বাস, রফিকুল ইসলাম, আশিষ পাল, ইউপি সদস্য সালমা খাতুন, ইউপি সদস্য মশিয়ার রহমান, শাহিদা সুলতানা, খাদিজা খাতুন, সাংবাদিক সানবীম করিম সিয়াম ও রাসেল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে প্রভাষক আরিফ মাহমুদকে সভাপতি, ইউপি সদস্য মশিউর রহমানকে সহসভাপতি, রফিকুল ইসলামকে যুব প্রতিনিধি, শাহিদা সুলতানাকে নারী প্রতিনিধি, শেখ তামিম হাসানকে ইসলাম ধর্মীয় প্রতিনিধি, মহেন্দ্র দাসকে হিন্দু ধর্মীয় প্রতিনিধি, প্রসাদ বিশ্বাসকে খ্রিষ্টান ধর্মীয় প্রতিনিধি এবং ইউপি সদস্য সালমা খাতুনকে স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে কমিটির সদস্য নির্বাচিত করা হয়। শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীনকে সদস্যসচিব করা হয়েছে।









