সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সচেতনতা বাড়ানোর সিদ্ধান্ত
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় মানবপাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং বিদেশগামী কর্মীদের দালালচক্রের প্রতারণা থেকে রক্ষায় সচেতনতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা অভিবাসন সমন্বয় কমিটি। একই সঙ্গে অবৈধ অভিবাসনসংক্রান্ত তথ্য সংগ্রহ, সরকারি নির্দেশনা অনুসরণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
গত ১১ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাউসার আজিজ। সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
সভায় বিদেশগামী কর্মীদের দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে আর্থিক লেনদেন না করার বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে প্রচার-প্রচারণা এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে নিরাপদ অভিবাসনবিষয়ক তথ্য প্রচার এবং সংশ্লিষ্ট কমিটির কার্যক্রম আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের কার্যক্রম তুলে ধরে বিদেশগামী কর্মীদের নিবন্ধন, অভিযোগ গ্রহণ এবং অভিবাসনসংক্রান্ত সেবা প্রদানের বিষয় আলোচনা করা হয়। কমিটির কার্যক্রমে স্বচ্ছতা ও সমন্বয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়ন, বিদেশে নিরাপদ কর্মসংস্থান সম্পর্কে প্রশিক্ষণ এবং নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। নারী ও যুব উন্নয়নবিষয়ক দপ্তরের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়েও আলোচনা হয়।
সভায় অবৈধ অভিবাসনসংক্রান্ত তথ্য সংগ্রহ, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মানবপাচার প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। অভিবাসন ব্যয় নির্বাহের ক্ষেত্রে সরকার নির্ধারিত নির্দেশনা অনুসরণ এবং প্রবাসী কর্মীদের অধিকার ও সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।
নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং অভিবাসনপ্রত্যাশীদের প্রতারণার হাত থেকে রক্ষায় সংশ্লিষ্ট সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য প্রতি মাসের ৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কার্যক্রমের প্রতিবেদন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়।









