কোবাতক নদীতে জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ, অবমুক্ত করল বনবিভাগ
এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কোবাতক নদীতে এক জেলের জালে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির কচ্ছপ। শনিবার (১৩ জুন) সকালে মাছ ধরার সময় কচ্ছপটি জেলের জালে আটকা পড়ে। পরে খবর পেয়ে সাতক্ষীরা রেঞ্জের বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি উদ্ধার করেন।
বনবিভাগ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত কচ্ছপটি দেখতে স্থানীয়ভাবে পরিচিত সাধারণ কচ্ছপের তুলনায় সম্পূর্ণ ভিন্ন আকৃতির হওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। কচ্ছপটির গায়ের রঙ, খোলসের গঠন ও শারীরিক বৈশিষ্ট্য অন্য কচ্ছপের চেয়ে আলাদা হওয়ায় এটিকে বিরল প্রজাতির বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় জেলেরা জানান, কোবাতক নদীতে দীর্ঘদিন ধরে মাছ ধরলেও এমন কচ্ছপ আগে কখনো তাদের জালে ধরা পড়েনি। স্থানীয়দের অনেকেই কচ্ছপটি দেখতে ভিড় করেন।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা ছোটবেলা থেকে এই নদীতে বিভিন্ন ধরনের মাছ ও জলজ প্রাণী দেখেছি। কিন্তু এমন ধরনের কচ্ছপ এই প্রথম দেখলাম। এটি দেখতে একেবারেই আলাদা।”
খবর পেয়ে সাতক্ষীরা রেঞ্জের বনবিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটিকে উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে সুন্দরবন সংলগ্ন একটি নিরাপদ নদীতে কচ্ছপটিকে অবমুক্ত করা হয়।
বুড়িগোয়ালিনী এলাকার মোজাম্মেল হক বলেন, আমারা এই প্রথম দেখলাম এধরনের কচ্ছপ।
বনবিভাগের সদস্যরা জানান, সুন্দরবন ও এর আশপাশের নদ-নদীতে বিভিন্ন প্রজাতির বিরল ও বিলুপ্তপ্রায় জলজ প্রাণীর বিচরণ রয়েছে। জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এসব প্রাণী ধরা পড়লে দ্রুত বনবিভাগকে খবর দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পরিবেশবিদদের মতে, এ ধরনের বিরল কচ্ছপের উপস্থিতি সুন্দরবন সংলগ্ন নদীগুলোর জীববৈচিত্র্যের সমৃদ্ধির প্রমাণ বহন করে। তাই এসব প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।






